দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে নতুন করে মিসাইল নিক্ষেপ করেছে ইরান। বাংলাদেশ সময় বৃহস্পতিবার পৌনে ৭টার দিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানায়, ইরান নতুন করে মিসাইল ছুড়েছে। এর আগে অন্তত ৮ ঘণ্টা আগে ইসরায়েলে মিসাইল ছুড়েছিল তেহরান ।
ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, মিসাইলের প্রভাবে মধ্যাঞ্চলে সতর্কতামূলক সাইরেন বাজছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, তারা মিসাইলগুলো প্রতিহত করার চেষ্টা করছে ।
ইরানের পাশাপাশি প্রায় একই সময়ে ইরাক থেকেও মিসাইল ছোড়া হয়েছে বলে ইসরায়েলি সংবাদমাধ্যমগুলোতে জানানো হয়েছে ।
এদিকে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, তেহরানের পাশাপাশি ইরাক থেকেও ইসরায়েলের দিকে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। গত কয়েক ঘণ্টার মধ্যে এটিই দ্বিতীয় ধাপের হামলা। এর আগে ভোররাতে ইরান থেকে ছোড়া কয়েক ডজন মিসাইল ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত করার চেষ্টা করে বলে জানিয়েছে আইডিএফ ।
উল্লেখ্য, গত শনিবার থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর থেকে এই সংঘাত চলছে। এরই মধ্যে ইরানের পক্ষ থেকে কয়েক দফায় ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালানো হয়েছে ।