আমাদের দোষ না দিয়ে নিজেদের দিকে তাকান’, পাকিস্তানকে ‘পরামর্শ’ তালিবান মন্ত্রীর

পেশোয়ার মসজিদে জঙ্গি হামলায় (Peshwar Mosque Attack) প্রাণ গেছে ১০০ জনের। ঘটনায় দায় স্বীকার করেছে তেহরিক-ই তালিবান (টিটিপি)। যা নিয়ে ইতিমধ্যেই ইসলামাবাদ-কাবুলের মধ্যে ঠান্ডা যুদ্ধ শুরু হয়েছে। বেশ কয়েকবছর ধরেই পাকিস্তানের (Pakistan) মাটিতে সন্ত্রাসবাদী হামলা চালিয়ে আসছে পাক তালিবান। ৩০ জানুয়ারি পেশোয়ারের ঘটনা নিয়ে তালিবানদের দিকে আঙুল তুলেছে ইসলামাবাদ। কিন্তু সেই অভিযোগ ফুৎকারে উড়িয়ে দিয়ে আফগান তালিবান (Taliban) মন্ত্রী হুঁশিয়ারির সুরে বলেন, নিজের সমস্যা নিয়ে ভাবুক পাকিস্তান। পেশোয়ার মসজিদে হামলার ঘটনার জন্য আফগানিস্তানকে দোষারোপ করা বন্ধ হোক।
পেশোয়ার এই হামলার ঘটনা নিয়ে দেশের রাজনৈতিক পরিবেশও উত্তপ্ত হয়ে রয়েছে। দেশের মন্ত্রীরাই এই হামলা নিয়ে মুখ খুলতে শুরু করেছেন। কেউ পুরনো সরকারের নীতি টেনে আনছেন, কেউ আবার নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলছেন। পাশাপাশি তালিবানদের বিরুদ্ধে সুর চড়াচ্ছে পাক সরকার।
এমন আবহে আফগানিস্তানের তালিবান সরকারের বিদেশ মন্ত্রী আমির খান মুত্তাকি পাকিস্তানকে নিজেদের সমস্যার সমাধান খোঁজার পরামর্শ দিলেন। সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আফগানিস্তান কখনই পাকিস্তানের ঘরোয়া সমস্যার জন্য দায়ী নয়।
এখানেই থেমে থাকেননি আমির। তিনি আরও বলেন, যদি কেউ বলে এইসব সন্ত্রাসী হামলার কেন্দ্রবিন্দু আফগানিস্তান, তবে তাঁরা খুবই ভুল বলছেন। এমন হলে জঙ্গি হামলা তাজিকিস্তান, উজবেকিস্তান, ইরানের মতো দেশেও ছড়িয়ে পড়ত। তা তো হয়নি।
সংবাদমাধ্যমের বিভিন্ন রিপোর্টে দাবি করা হয়েছে, আফগানিস্তানে তালিবান শাসন কায়েম হওয়ার পর থেকেই অতিসক্রিয় হয়ে উঠেছে বিভিন্ন জেহাদি সংগঠনগুলি। বিশেষ করে পাকিস্তানে একাধিক হামলা চালিয়েছে টিটিপি। বারবার আলোচনায় বসেও সুরাহা করতে পারেনি পাক প্রশাসন। আফগান তালিবানের কাছে দরবার করেও বিশেষ ফল পায়নি ইসলামাবাদ।


খবর দ্য ওয়ালের/এনবিএস/২০২৩/একে

Walton Ads