ভূমিকম্পে বিধ্বস্তদের ৬৬ মিলিয়ন ডলার দিচ্ছে সৌদি আরব
তুরস্ক ওসিরিয়ায় ভূমিকম্পে বিধ্বস্ত ক্ষতিগ্রস্থদের ৬৬ মিলিয়ন ডলার অর্থ সহায়তা দিচ্ছে সৌদি আরব। সৌদি বাদশাহর কার্যালয় থেকে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য এ তহবিল গঠনের উদ্যোগ নেওয়া হয়।
সাত লাখেরও বেশি সৌদি নাগরিক এই তহবিলে অর্থ দান করেছেন। এ পর্যন্ত ২৫০ মিলিয়ন রিয়েল (৬৬.৬ মিলিয়ন মার্কিন ডলার) জমা পড়েছে এই তহবিলে।
সৌদি সরকারের তথ্যানুযায়ী, এ পর্যন্ত সাত লাখ ৯ হাজার ৭৭৫ জন সৌদি নাগরিক ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত দেশ দুটির মানুষকে সহায়তা করার জন্য এই সব অর্থ দান করছেন। বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ রিলিফ সেন্টারের উদ্যোগে গত বুধবার থেকে এ তহবিল গঠনের উদ্যোগ নেওয়া হয়।
উল্লেখ্য যে, তুরস্ক-সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। এ পর্যন্ত ৩৪ হাজারের বেশি মানু্ষের মৃত্যু হয়েছে। প্রতিটি মুহুর্তে উদ্ধার করা হচ্ছে মরদেহ। ধ্বংস্তূপের নিচে আরও অসংখ্য মানুষ চাপা পড়ে আছে।
গত সোমবার ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে বিধ্বস্ত হয় তুরস্ক ও সিরিয়া। ভূমিকম্পের কেন্দ্র ছিল সিরিয়ার সীমান্তবর্তী তুরস্কের গাজিয়ান্তেপ শহরের কাছে। এতে দুই দেশেই হাজার হাজার ভবন ধসে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে বাংলাদেশসহ বিভিন্ন দেশের উদ্ধারকর্মীরা প্রাণপণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ।
এনবিএস/ওডে/সি