ভারত-পাক সীমান্তে বসছে ছত্রপতি শিবাজির মূর্তি, ভূমিপুজোর জন্য মাটি আনা হচ্ছে
ভারত-পাক সীমান্তে নিয়ন্ত্রণরেখার কাছে বসছে ছত্রপতি শিবাজির (Chhatrapati Shivaji Maharaj) মূর্তি। ভূমিপুজোর জন্য শিবাজি মহারাজের দূর্গগুলো থেকে মাটি ও জল নিয়ে আসা হচ্ছে। একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে শিবাজি মহারাজের মূর্তি গড়ার কাজ শুরু হয়েছে। মার্চের মধ্যেই মূর্তি গড়ার কাজ শেষ হবে বলে জানা যাচ্ছে।
কেন এই উদ্যোগ? স্বেচ্ছাসেবী সংস্থা (Amhi Punekar) জানিয়েছে, সীমান্তে ভারতীয় বাহিনীকে সাহস জোগাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ছত্রপতি শিবাজি যেমন অসীম সাহসের সঙ্গে বীর বিক্রমে শত্রুর মোকাবিলা করতেন, এই মূর্তি দেখে সেই আদর্শেই অনুপ্রাণিত হবে ভারতীয় সেনা।
‘আমহি পুনেকর’ নামে ওই স্বেচ্ছাসেবী সংস্থা জানিয়েছে, শত্রুর সঙ্গে লড়াই করা সেনারা যেন ছত্রপতি শিবাজি মহারাজের আদর্শ ও নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে তাঁর মূর্তির দিকে প্রতিদিন তাকিয়ে থাকে এবং তারা যেন হিন্দু রাজার সাহসিকতার কথা স্মরণ করে শত্রুর বিরুদ্ধে লড়াই করার শক্তি পায়, সেই জন্যই এই প্রচেষ্টা।
মাওবাদী দৌরাত্ম্য, নাশকতা ছিন্নভিন্ন করেছিল, কফি চাষে সেই বাস্তারই এখন উন্নয়নের মুখ
সূত্রের খবর, কাশ্মীরের কিরণ ও টংধার-টিটওয়াল উপত্যকার দুটি জায়গায় নিয়ন্ত্রণরেখা বরাবর ছত্রপতি শিবাজি মহারাজের মূর্তি বসানো হবে। কাশ্মীরে কুপওয়ারার জেলাশাসক ড. সাগর দত্তাত্রেয় দোইফোড়ের অনুমতি নিয়েই এই মূর্তি বসানো হচ্ছে বলে জানিয়েছেন ওই স্বেচ্ছাসেবী সংস্থার সভাপতি হেমন্ত যাদব। তিনি বলেছেন, “শিবাজি মহারাজের দুর্গ যেখানে যেখানে রয়েছে যেমন রায়গড়, তোরানা, শিবনেরি, রাজগড় এবং প্রতাপগড়, সেইসব দুর্গের মাটি এবং জল নিয়ে আসা হচ্ছে। মার্চে মূর্তি উন্মোচনের পরে ভূমিপুজো করা হবে।”
খবর দ্য ওয়ালের/ এনবিএস/২০২৩/একে