এবার মস্কো সফরে যাচ্ছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আকস্মিকভাবে ইউক্রেন সফরে যাওয়ার সঙ্গে সঙ্গে মস্কো সফরের সিদ্ধান্ত নিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বর্ষপূর্তির আগে মস্কো সফরে যাচ্ছেন তিনি। ইউক্রেন যুদ্ধ নিয়ে সম্ভাব্য একটি ‘শান্তি পরিকল্পনা’ নিয়ে রুশ নেতাদের সঙ্গে আলোচনা করবেন তিনি। এ বিষয়ে আলোচনা করতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও বৈঠকের কথা রয়েছে তার।
ওয়াং ইর মস্কো সফরের বিষয়টি নিশ্চিত করেছে রুশ সংবাদমাধ্যম কোমমেরসান্ত। সংবাদমাধ্যমটি বলেছে, চীন ইউক্রেন যুদ্ধের সম্ভাব্য ‘রাজনৈতিক সমঝোতা’ বিষয়ে নিজেদের অবস্থানের রূপরেখা তৈরি করছে। ওয়াং ইর মস্কো সফরের মূল্য উদ্দেশ্যও ইউক্রেনে ‘রাজনৈতিক সমঝোতা’ নিয়ে বেইজিংয়ের ভূমিকা বাড়ানো।
ইউক্রেনে যুদ্ধ অবসানে রাজনৈতিক সমঝোতার বিষয়ে চীন কী ভাবছে সেটা রুশ নেতাদের জানাবেন ওয়াং ই। একই সঙ্গে তার এ সফরে দ্বিপক্ষীয় বিষয়েও আলোচনা হবে। গত সপ্তাহে চীনের পররাষ্ট্রমন্ত্রীও বিষয়টি নিয়ে কথা বলেন। ওয়াং ই বলেন, ইউক্রেন সংকট সমাধানে রাজনৈতিক সমঝোতার বিষয়ে চীনের অবস্থান কী, সেটা তুলে ধরবে বেইজিং। ইউক্রেন যুদ্ধে বেইজিংয়ের অবস্থান সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি আরও বলেন, বেইজিং সব সময় শান্তি ও নিরাপত্তার পক্ষেই থাকবে।
এনবিএস/ওডে/সি