এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারী, ২০২৩, ০৭:০২ পিএম
ইউক্রেনে যৌথ বাহিনীর অপারেশন কমান্ডার বরখাস্ত
ডনবাস অঞ্চলে রুশ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধরত ইউক্রেনের যৌথ বাহিনীর অপারেশন কমান্ডার মেজর জেনারেল এডুয়ার্ড মোস্কালিয়েভকে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সোমবার (২৭ ফেব্রুয়ারি) জারি করা এক ডিক্রিতে এ ঘোষণা দেন তিনি। গত বছরের মার্চে এই পদে নিয়োগ পান এই কমান্ডার। তবে কী কারণে তাকে বরখাস্ত করা হয়েছে সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেননি জেলেনস্কি।
ইউক্রেনীয় কর্তৃপক্ষ সারা দেশে দুর্নীতি বিরোধী তদন্ত চালাচ্ছে। তদন্তে দুর্নীতির প্রমাণ পাওয়ায় অনেক সিনিয়র ও গুরুত্বপূর্ণ ব্যক্তিকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে। তবে মোস্কালিয়েভের বরখাস্ত দুর্নীতির জন্য ছিল কিনা তা এখনও স্পষ্ট নয়।
এর আগে গত শুক্রবার নিজের দৈনিক ভাষণে এডুয়ার্ড মোসকালিভের কথা উল্লেখ করেছিলেন জেলেনস্কি। মূলত ইউক্রেনীয় এই প্রেসিডেন্ট যেসব সামরিক কমান্ডারের সঙ্গে কথা বলেছিলেন, তাদের তালিকা সামনে আনার সময় মোসকালিভের কথা উল্লেখ করেন।
উল্লেখ্য, রুশ বাহিনী বর্তমানে ডনবাসের পূর্বাঞ্চলে দুইটি এলাকা দখলের জন্য সমন্বিত প্রচেষ্টা চালাচ্ছে। প্রেসিডেন্ট জেলেনস্কি সাম্প্রতিক সপ্তাহগুলোতে পূর্ব ইউক্রেনের সামরিক পরিস্থিতিকে কঠিন ও বেদনাদায়ক বলে বর্ণনা করেছেন।
ইউক্রেনীয় এবং পশ্চিমা কর্মকর্তারা বলছেন, ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ার পরও মস্কোপন্থি বাহিনীগুলো ও যোদ্ধারা বাখমুত শহর দখলে তাদের প্রচেষ্টাকে কেন্দ্রীভূত করেছে এবং বারবার হামলা চালিয়ে যাচ্ছে।
এনবিএস/ওডে/সি