ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩১ আষাঢ় ১৪৩৩
Logo
logo

অ্যাডিনো আতঙ্কে কলকাতায় ৪ শিশুর মৃত্যু: প্রি-স্কুলে ছুটি ঘোষণা


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২৮ ফেব্রুয়ারী, ২০২৩, ০১:০২ পিএম

অ্যাডিনো আতঙ্কে কলকাতায় ৪ শিশুর মৃত্যু: প্রি-স্কুলে ছুটি ঘোষণা

 অ্যাডিনো আতঙ্কে কলকাতায় ৪ শিশুর মৃত্যু: প্রি-স্কুলে ছুটি ঘোষণা

অ্যাডিনো আতঙ্কের মধ্যেই কলকাতা মেডিক্যাল কলেজ ও বিসি রায় হাসপাতালে চার শিশুর মৃত্যু হল। মেডিক্যাল কলেজের মাদার অ্যান্ড চাইল্ড হাবে ভর্তি দুই শিশুরই নিউমোনিয়া ছিল। এর মধ্যে মধ্যমগ্রামের ৬ মাসের শিশু সংক্রমিত ছিল অ্যাডিনো ভাইরাসে। তাকে ভেন্টিলেটরে রাখা হয়েছিল। মৃত অন্য শিশুর জ্বর-শ্বাসকষ্ট থাকায় তাকে ভর্তি করা হয় মেডিক্যাল কলেজে। বিসি রায় হাসপাতালে আরও দুই শিশুও ভুগছিল নিউমোনিয়ায়।

অ্যাডিনো ভাইরাসের সংক্রমণের ভয়ে এবার প্রি-স্কুলগুলিতে হাজিরার সংখ্যা কমানো হচ্ছে। বেশকিছু প্রি-স্কুলে ছুটিও ঘোষণা করা হয়েছে। কোনও স্কুল কর্তৃপক্ষ আবার অনলাইন ক্লাস ফের শুরু করা যায় কিনা, সে ব্যাপারে চিন্তাভাবনা ও শুরু করেছে। মূলত পাঁচ বছর পর্যন্ত বয়সের শিশুরাই অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত হচ্ছে। রাজ্যে এখনও পর্যন্ত ১৫টি শিশুর মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। তাই সতর্ক হচ্ছে প্রি-স্কুলগুলি।

আবার অন্য দিকে স্বাস্থ্যকর্তারা বলছেন, রাজ্যে সাম্প্রতিক সব শিশুর মৃত্যু অ্যাডিনোভাইরাসের কারণে হয়নি। বেশির ভাগই মারা গিয়েছে নিউমোনিয়া আক্রান্ত হয়ে। আবার অনেকের ভাইরাল জ্বরের কারণেও মৃত্যু হয়েছে।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) বিধান চন্দ্র রায় শিশু হাসপাতাল পরিদর্শনে এসে এমনই মন্তব্য করলেন রাজ্যের চিকিৎসা শিক্ষা বিভাগের পরিচালক দেবাশিস ভট্টাচার্য। তিনি জানান, সব শিশু বিশেষজ্ঞকে নিয়ে বৈঠক করা হবে এবং আদর্শ আচরণবিধি তৈরি হবে।

এনবিএস/ওডে/সি