এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারী, ২০২৩, ১১:০২ পিএম
ইমরান খানের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি
তোশাখানা মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ইসলামাবাদের একটি আদালত। বার বার নির্দেশ দেওয়ার পরও ইমরান খান আদালতে হাজির না হওয়ার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার অ্যাডিশনাল সেশন জজ জাফর ইকবাল তার বিরুদ্ধে এ পরোয়ানা জারি করেন।
এর আগে ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন কোর্ট ইসলামাবাদে তোশাখানা মামলার শুনানিতে পিটিআই চেয়ারম্যানকে সেখানে হাজির হওয়ার নির্দেশ দেন বিচারক। একইসাথে অভিযোগপত্র দাখিল হলে ইমরান খান চলে যেতে পারবেন- সে কথাও জানানো হয়। কিন্তু হাজির হননি ইমরান খান। তবে ওই শুনানিতে তার আইনজীবী আলি বুখারি উপস্থিত ছিলেন। অপরপক্ষে নির্বাচন কমিশনের আইনজীবী সা’দ হাসানও আদালতে উপস্থিত ছিলেন।
গত বছরের এপ্রিলে ভোটে পরাজয়ের পর প্রধানমন্ত্রীর দায়িত্ব হারানোর পরেই ইমরান খানের বিরুদ্ধে অভিযোগ ওঠে, বিদেশি রাষ্ট্রনেতাদের কাছ থেকে পাওয়া উপহার বেআইনি ভাবে বিক্রি করেছেন। তার মধ্যে সৌদি আরবের রাজার দেওয়া একটি ঘড়ি বিক্রি করেছেন ৩০ লক্ষ ডলারে। ওই অভিযোগের প্রেক্ষিতে তদন্তে নামে দেশের প্রধান তদন্তকারী সংস্থা ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি। প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বিদেশি উপহার বিক্রির অভিযোগ সত্যি বলে জানায় এফবিআই। আর তার পরেই ইমরান খানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের পথে হেঁটেছিল পাকিস্তান নির্বাচন কমিশন। পাক পার্লামেন্টের নিম্নকক্ষ ‘ন্যাশনাল অ্যাসেম্বলি’ থেকে পাকিস্তান তেহরিকে ইনসাফের প্রধানকে বরখাস্ত করার কথাও জানিয়েছিল কমিশন। এদিন ওই মামলাতেই ইমরানের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে।
এনবিএস/ওডে/সি