এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ০২ মার্চ, ২০২৩, ০৯:০৩ পিএম
ক্যাম্প ও অনুশীলন করতে সৌদি আরব যাবে বাংলাদেশ ফুটবল দল
মার্চের ফিফা উইন্ডোর প্রস্তুতির জন্য ফুটবলারদের ক্যাম্প নিয়ে দোটানায় ছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। শেষ পর্যন্ত সৌদি আরবের পবিত্র নগরী মদীনায় বাংলাদেশ ফুটবল দল ক্যাম্প ও অনুশীলন করবে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ সৌদি আরবে ক্যাম্প সম্পর্কে বলেন, আমরা সৌদি আরব যাচ্ছি এটা নিশ্চিত। আমরা অন অ্যারাইভাল ভিসা পাব। সেটা আজকের মধ্যে নিশ্চিত হওয়ার কথা রয়েছে। আমাদের সম্ভাব্য যাত্রা আগামী ৫ মার্চ।
মুসলিমদের জন্য পবিত্র নগরী মদীনা। সেখানে বাংলাদেশ প্রায় দুই সপ্তাহ অনুশীলন করবে। সৌদিতে বাংলাদেশ দলের পরিকল্পনা সম্পর্কে স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা বলেন, সৌদি আরবের অবকাঠামো অনেক ভালো। আমরা সেখানে নিজেরা কয়েক দিন অনুশীলন করব। সম্ভাবনা আছে কিছু প্রস্তুতি ম্যাচ খেলারও। সেটাও আজকালের মধ্যে নিশ্চিত হবে।
এই ত্রিদেশীয় সিরিজের জন্য হ্যাভিয়েরের কোচিং স্টাফে আরো তিন বিদেশি যুক্ত হচ্ছে। তারা নিজ নিজ দেশ থেকে সরাসরি সৌদি আরবে যাবেন। মার্চ উইন্ডোতে বাংলাদেশ দল সিলেটে ত্রিদেশীয় সিরিজ খেলবে ব্রুনাই দারুসসালাম ও সিশেলসের বিপক্ষে। জুনে সাফ চ্যাম্পিয়নশীপ।
এনবিএস/ওডে/সি