এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ০৩ মার্চ, ২০২৩, ০৮:০৩ পিএম
ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় উত্তাল গ্রিস, দায়ি করা হচ্ছে সরকারকে
গত মঙ্গলবার গ্রিসে এক ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৫৭ জনে দাঁড়িয়েছে। এ ভয়াবহ দুর্ঘটনার জন্য সরকারের উদাসীনতাকে দায়ি করছে রেল শ্রমিকরা। গত বৃহস্পতিবার এর প্রতিবাদে রেল ধর্মঘট পালন করেন গ্রিসের নাগরিকরা।
এথেন্সে টানা ২য় দিন প্রতিবাদ বিক্ষোভে যোগ দিয়েছে প্রায় দুই হাজারেরও বেশি মানুষ। ঘটনাস্থল পরিদর্শন করে গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোটাকিস মন্তব্য করেন, মানুষের ভুলই এই দুর্ঘটনার জন্য দায়ী। তার এ মন্তব্য বিক্ষোভকারীদের আরও উত্তপ্ত করে তুলেছে। এরইমধ্যে স্থানীয় স্টেশনমাস্টারের বিরুদ্ধে মানুষ হত্যার অভিযোগ দায়ের করা হয়েছে। দেশটির পরিবহন মন্ত্রী ইতোমধ্যে পদত্যাগ করেছেন।
গত মঙ্গলবার রাতে সাড়ে তিনশো যাত্রীবাহী ট্রেনের সঙ্গে একটি মালবাহী ট্রেনের এই সংঘর্ষ হয়। তবে দুটো ট্রেন কী করে একই লাইনে আসলো তা এখনো স্পষ্ট নয়। ঐ সময় সংকেতের দায়িত্বে থাকা স্টেশনমাস্টার কোন ভুল করেননি দাবি করে বলছেন, কোন কারিগরি ত্রুটি থেকে দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে।
এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানের জন্য তদন্ত শুরু হয়েছে। তদন্তে নিযুক্ত এলেনি জাগেলিডু জানিয়েছেন, ৫৭ জনের শরীর থেকে ডিএনএ সংগ্রহ করা হয়েছে। কিন্তু দুর্ঘটনার কোন প্রাথমিক কারণ এখনও পাওয়া যায়নি। এই সংঘর্ষকে গ্রিসের ইতিহাসে এখনও পর্যন্ত ভয়ংকরতম দুর্ঘটনা বলে ধারণা করা হচ্ছে।
এনবিএস/ওডে/সি