এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ০৫ মার্চ, ২০২৩, ০৫:০৩ পিএম
শেখ কামাল যুব গেমসের পদকে শীর্ষে চট্টগ্রাম বিভাগ
ট্র্যাক অ্যান্ড ফিল্ডের গতির ঝলক, আতশবাজির রশ্মি ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গে চোখ ধাঁধানো সমাপনী অনুষ্ঠানের মধ্যদিয়ে শেখ কামাল বাংলাদেশ যুব গেমসের দ্বিতীয় আসরের পর্দা নেমেছে।
এই প্রতিযোগিতায় দেশের আট বিভাগের খেলোয়াড়দের নিয়ে ২৪টি ডিসিপ্লিনে অনুষ্ঠিত গেমসে সেরা নির্বাচিত হয়েছে চট্টগ্রাম বিভাগ। আসরে ৪৯টি স্বর্ণ, ৪০টি রৌপ্য এবং ৫৭টি ব্রোঞ্জসহ মোট ১৪৬টি পদক নিয়ে শীর্ষে চট্টগ্রামের তরুণ-তরুণীরা।
এ ছাড়া ঢাকা বিভাগ ৪৬টি স্বর্ণ, ৩৯টি রৌপ্য, ৬১টি ব্রোঞ্জসহ মোট ১৪৬টি পদক জিতে দ্বিতীয় হয়েছে। আর ৪২টি স্বর্ণ, ৪৩টি রৌপ্য এবং ৫৯টি ব্রোঞ্জসহ মোট ১৪৪টি পদক নিয়ে তৃতীয় হয়েছে খুলনা বিভাগ। এর আগে গত ২ জানুয়ারি প্রায় ৬০ হাজার ক্রীড়াবিদের অংশগ্রহণে যুব গেমসের মহাযজ্ঞ শুরু হয়েছিল। এরপর চূড়ান্ত পর্বে ৪ হাজার অ্যাথলেটের ক্রীড়াশৈলীতে গত সাত দিন ধরে দেশের ক্রীড়াঙ্গনে ছিল উৎসবের আমেজ।
শনিবার (৪ মার্চ) বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে দেশের সবচেয়ে বড় এই ক্রীড়া উৎসবের সমাপ্তি ঘোষণা করেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সভাপতি ও সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
এবারের যুব গেমসে সেরা ২৮ জন তরুণ-তরুণীকে ১০ লাখ টাকা ভাগ করে দেওয়ার ঘোষণা দেন সেনাবাহিনী প্রধান। তার বক্তব্য প্রদান শেষ হওয়ার পরই আতশবাজির আলোতে আলোকিত হয়ে ওঠে গোটা স্টেডিয়াম।
এনবিএস/ওডে/সি