এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ০৫ মার্চ, ২০২৩, ০৯:০৩ পিএম
অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ৫ শতাংশ নির্ধারণ করল চীন
চীনের পার্লামেন্ট ন্যাশনাল পিপলস কংগ্রেসের (এনপিসি) বার্ষিক অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে এ লক্ষ্যমাত্রার কথা জানানো হয়। এই লক্ষ্যমাত্রার মাধ্যমে চীন এক দশকের মধ্যে অর্থনৈতিক অবস্থার বড় পরিবর্তন বাস্তবায়নে সফল হবে বলে ধারণা করা হচ্ছে।
রোববার চীনের রাজধানী বেইজিংয়ের তিয়েনআনমেন স্কয়ারের গ্রেট হল অব দ্য পিপলে প্রায় ২ হাজার ৯৪৮ প্রতিনিধিকে নিয়ে এনপিসির এ অধিবেশন শুরু হয়। গত বছর দেশটির মোট দেশজ উৎপাদন (জিডিপি) বেড়েছে মাত্র ৩ শতাংশ, যা কয়েক দশকের মধ্যে সবচেয়ে কম প্রবৃদ্ধি। কোভিড-১৯ বিধিনিষেধ, আবাসন খাতে সংকট, বেসরকারি উদ্যোক্তাদের ওপর ব্যাপক চাপ এবং চীনা রপ্তানি পণ্যের চাহিদা কমতে থাকায় অর্থনৈতিক প্রবৃদ্ধি হার কমতে থাকে।
বিদায়ী প্রধানমন্ত্রী লি কুছিয়াং অর্থনৈতিক স্থিতিশীলতা ও বিনিয়োগ বৃদ্ধির ওপর জোর দেওয়ার কথা বলেছেন। তিনি চলতি বছর চীনের শহরগুলোতে ১২ মিলিয়ন চাকরি সৃষ্টির লক্ষ্য ঠিক করেছেন। গত বছর এটি ছিল ১১ মিলিয়ন। এ ছাড়া আবাসন খাতে ঝুঁকি রয়েছে বলেও সতর্ক করেছেন তিনি। সরকারের বাজেট ঘাটতিও জিডিপির ৩ শতাংশের মধ্যে রাখার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন লি কুছিয়াং। গত বছর এই লক্ষ্যমাত্রা ছিল ২ দশমিক ৮ শতাংশ।
পার্লামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে তিনি বলেন, আমাদের অর্থনীতির পুনরুদ্ধার এবং বিনিয়োগ বৃদ্ধিকে অগ্রাধিকার দেওয়া উচিত। এই অধিবেশন আগামী ১৩ মার্চ পর্যন্ত চলবে। লি কুছিয়াং বলেন, একাধিক উপায়ে শহর ও গ্রামের বাসিন্দাদের আয় বৃদ্ধির ব্যবস্থা করা উচিত। এ ছাড়া বড় বড় খাতে ব্যয় স্থিতিশীল করা এবং ভোক্তা পরিষেবা বৃদ্ধির বিষয়টি সামনে নিয়ে যাওয়া উচিত।
এনবিএস/ওডে/সি