ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

বিদায় জানালেন পাকিস্তানের বিশ্বকাপ জয়ী সোহেল তানভীর


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ০৭ মার্চ, ২০২৩, ০৯:০৩ পিএম

বিদায় জানালেন পাকিস্তানের বিশ্বকাপ জয়ী সোহেল তানভীর

 বিদায় জানালেন পাকিস্তানের বিশ্বকাপ জয়ী সোহেল তানভীর

আন্তর্জাতিক ক্রিকেটের সব ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দিলেন টি-টোয়েন্টি স্পেশালিস্ট বোলার সোহেল তানভীর। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এই সিদ্ধান্ত জানিয়েছেন পাকিস্তানের বিশ্বকাপজয়ী এই পেসার।
৩৮ বছর বয়সী পাকিস্তানি বোলারের নামের পাশে ১০০টিরও বেশি আন্তর্জাতিক উইকেট রয়েছে। সোহেল তানভীর দীর্ঘ সময় ধরে জাতীয় দলের অংশ ছিলেন না। তিনি তার শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন ২০১৭ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে।

নিজের টুইটারে অবসরের ঘোষণা করে সোহেল তানভীর বলেন, আমি ক্রিকেটের সব ধরনের আন্তর্জাতিক ফরম্যাট থেকে অবসর ঘোষণা করছি। তবে ঘরোয়া ক্রিকেট এবং ফ্র্যাঞ্চাইজি দলের হয়ে খেলা চালিয়ে যাব। পাকিস্তান ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ, যারা আমাকে দেশের হয়ে খেলার সুযোগ করে দিয়েছেন।

পাকিস্তানের হয়ে দুটি টেস্ট, ৬২ ওয়ানডে এবং ৫৭ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন সোহেল তানভীর। দুই টেস্ট ম্যাচে পাঁচটি উইকেট নিয়েছেন পাকিস্তানের এই পেসার। একইসঙ্গে ৬২ ওয়ানডেতে ৭১ উইকেট রয়েছে তার। ৫৭ টি-টোয়েন্টি ম্যাচে উইকেট ৫৪টি। সাদা বলের ক্রিকেটে এক সময়ে পাকিস্তানের শীর্ষ বোলার ছিলেন সোহেল। এক অনন্য এবং কঠিন বোলিং অ্যাকশনের কারণে এই পেসার পেয়েছিলেন আলাদা পরিচিতি। সারা বিশ্বে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে চাহিদা ছিল তুঙ্গে।

ক্যারিয়ারে এখন পর্যন্ত ৩৮৯ টি-টোয়েন্টি উইকেট শিকার করেছেন সোহেল। ২০০৯ সালে পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলেরও একজন সদস্য ছিলেন।

২০০৮ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) উদ্বোধনী সংস্করণে সোহেল তানভীর রাজস্থান রয়্যালসের পক্ষে সর্বোচ্চ উইকেট শিকারি হন। বাঁহাতি পেসার ১১ ম্যাচে ২২ উইকেট নিয়ে রাজস্থানকে তাদের প্রথম আইপিএল শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছিলেন।

এনবিএস/ওডে/সি