এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ০৮ মার্চ, ২০২৩, ০৮:০৩ পিএম
ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে বিশ্বকাপের প্রস্তুতি নিতে চান কোচ হাথুরুসিংহে
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বৃহস্পতিবার ইংলিশদের মুখোমুখি হবে টাইগাররা। ম্যাচের বিস্তারিত জানাতে বুধবার সংবাদ সম্মেলনে আসেন হেড কোচ হাথুরুসিংহে।
প্রথম টি- টোয়েন্টি ম্যাচে উইকেট কেমন হবে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দুই দিন আগে ওয়ানডেতে যা দেখেছি। আমার মনে হয় একই উইকেটেই খেলছি। ফলে দুই দিনে বদলানো যাবে না। একই রকম উইকেটে খেলা হবে।
চট্টগ্রামের উইকেট সাধারণত ব্যাটিংসহায়ক হলেও সিরিজের শেষ ম্যাচের উইকেট একটু ভিন্ন ধরনেরই ছিল। মন্থর গতির উইকেটে নিচু হচ্ছিল বাউন্স, ব্যাটিং সহজ ছিল না সেভাবে। রাতে শিশিরের কারণে হয়তো ব্যাটিং একটু সহজ হয়ে আসতে পারত, তবে দুপুর ১২টায় শুরু হওয়া ম্যাচ শেষ হয়ে গেছে আগেই। তার ওপর ইংল্যান্ডও অলআউট হয়ে গেছে ৫০ ওভার ব্যাটিং করার আগেই। বৃহস্পতিবার প্রথম টি-টোয়েন্টি শুরু হবে বেলা ৩টায়, ফলে শিশিরের প্রভাব সেভাবে থাকার কথা নয় এখানে।
টি-টোয়েন্টিতে ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে তিনি বলেন, আমি সবার পারফরম্যান্সের দিকে তাকিয়ে আছি। আশা করি, খেলোয়াড়রা প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করবে। ঠিক যে কারণে তারা সুযোগ পেয়েছে, অবশ্যই সেটি প্রমাণ করতে আন্তর্জাতিক লেভেলে বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে খেলতে তারা প্রস্তুত। বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে টি-টোয়েন্টিতে আমাদের দক্ষতা দেখার ভালো সুযোগ এটি।
আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে হাথুরু আরো বলেন, ২০২৪ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আমাদের এখন থেকেই প্রস্তুতি নেওয়া শুরু করতে হবে। আমরা জানি কোথায় বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। ওয়েস্ট ইন্ডিজ সফর করেছি। ওখানকার কন্ডিশন সম্পর্কে আমরা বেশ ভালো করেই জানি। আমাদের সঠিক সমন্বয় খুঁজে বের করতে হবে। এই প্রক্রিয়ার জন্য অনেক খেলোয়াড়কে দেখার সুযোগ আছে।
এনবিএস/ওডে/সি