এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ১১ মার্চ, ২০২৩, ০২:০৩ পিএম
প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষ: মিয়ানমারে ৩ দিনে ১৬ জান্তা সেনাসহ নিহত ১৮
এ সময়ে সংঘর্ষে দুইজন প্রতিরোধ যোদ্ধাও নিহত হয়েছে। পিপলস ডিফেন্স ফোর্স (পিডিএফ) ও বিভিন্ন জাতিগোষ্ঠীর সশস্ত্র যোদ্ধারা জান্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হলে এসব নিহতের ঘটনা ঘটে। এসব সংঘর্ষ ঘটে মাগওয়ে, সাগায়িং, মান্দালয়, ইয়ানগুন ও তানিনথেরাই অঞ্চলে।
প্রতিবেদনে বলা হয়, জান্তা সেনারা অভিযান চালিয়ে কয়েকটি রাজ্যের ১০টি গ্রামের শতাধিক ঘরবাড়ি পুড়িয়ে দিয়েছে। অন্যদিকে জান্তা বাহিনীর কয়েকটি সেনা চৌকিতে পাল্টা হামলা চালায় সশস্ত্রগোষ্ঠী পিডিএফ।
একটি ঘটনায় পিডিএফের ৩০ সদস্যের একটি গ্রুপ একটি সেনা ছাউনি দখল করে নিয়েছে। একই সময়ে মাগওয়েতে বিমান হামলা চালায় জান্তা সেনারা।
বুধবার থেকে কোচিন, কারেন ও সাগায়িং রাজ্যে ব্যাপক তাণ্ডব চালায় জান্তা বাহিনী। এই ঘটনার পর গ্রাম ছেড়ে পালিয়ে গেছে কয়েক হাজার মানুষ। সেনা অভিযানের সময় পিপলস ডিফেন্স ফোর্সেস সশস্ত্রগোষ্ঠীর সঙ্গে জান্তা বাহিনীর ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে।
জান্তা বাহিনীর কয়েকটি সেনা চৌকিতে মর্টার ও ড্রোন হামলা চালানোর কথা জানিয়েছে গোষ্ঠীটি। একইসঙ্গে জান্তা বাহিনীর নিয়ন্ত্রণে থাকা একটি তেলের খনি দখলে নেয়ার দাবি করেছে পিডিএফ।
২০২১ সালের ফেব্রুয়ারিতে মিয়ানমারে অং সান সুচি'র সরকারকে উৎখাত করে সেনাবাহিনী ক্ষমতা দখলের পর জান্তা সরকারের দমনপীড়নে এ পর্যন্ত নিহত হয়েছেন কয়েক হাজার বিক্ষোভকারী। শুরু থেকেই জান্তা বাহিনীর বিরুদ্ধে বিভিন্ন রাজ্যে প্রতিরোধ গড়ে তোলে পিপলস ডিফেন্স ফোর্সেস 'পিডিএফ'। সশস্ত্র এই গোষ্ঠীটির সঙ্গে সাম্প্রতিক সময়ে জান্তা সেনাদের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটছে।
এনবিএস/ওডে/সি