এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ১২ মার্চ, ২০২৩, ০৪:০৩ পিএম
বিহারে গরুর মাংস রাখার অভিযোগে পিটিয়ে মুসলিম হত্যা, গ্রেপ্তার ৩
গরুর মাংস বহন করার সন্দেহে ভারতের বিহার রাজ্যে নাসিম কুরেশি (৫৬) নামে একজন মুসলিমকে পিটিয়ে হত্যা করেছে একদল দুর্বৃত্ত। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ গ্রেপ্তার করেছে তিন ব্যক্তিকে। পুলিশের এক কর্মকর্তা শনিবার এ কথা বলেছেন। জিও টিভি
ভারতের স্থানীয় সরকারগুলো বিভিন্ন অংশে গরুর মাংস বহন, বিক্রি এবং খাওয়া নিষিদ্ধ করেছে।
যদিও ব্রাজিলের পর ভারত গরুর মাংস রফতানিতে এগিয়ে আছে। কারণ হিন্দুদের কাছে গরু একটি পবিত্রতার প্রতীক। ফলে গরুর মাংস বা এর চামড়া থাকার অভিযোগে ঘন ঘন লোকজনের ওপর আক্রমণ হয়ে থাকে। ভারতজুড়ে গরু জবাই একেবারে বন্ধের দাবি জানিয়ে আসছে কট্টরপন্থি হিন্দুরা। ২০১৪ সালে ভারতে ক্ষমতায় আসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হিন্দুত্ববাদী জাতীয় সরকার। তখন থেকেই স্বঘোষিত হিন্দু ‘কাউ ভিজিল্যান্ট গ্রুপ’গুলো নিজেরাই আইন হাতে তুলে নিচ্ছে। বর্তমানে বিহার শাসন করছে একটি আঞ্চলিক দল।
বিরোধী দলে আছে নরেন্দ্র মোদির ভারতীয় জনতা পার্টি। রাজ্যে সর্বশেষ এই ঘটনায়, ভিকটিমকে কমপক্ষে ২০ জন মানুষ ঘিরে ধরে এবং তার ওপর হামলা চালায়। আদালতে দেয়া বিবৃতিতে এ কথা বলেছে পুলিশ। ঘটনার সময় পুলিশ হস্তক্ষেপ করে। কিন্তু নাসিম কুরেশিকে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। বিহারের রসুলপুর পুলিশ স্টেশনের প্রধান রামচন্দ্র তিওয়ারি বলেছেন, তিন ব্যক্তিকে এ জন্য গ্রেপ্তার করা হয়েছে।
এনবিএস/ওডে/সি