এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ১২ মার্চ, ২০২৩, ০৬:০৩ পিএম
ফ্রান্সে নতুন বিক্ষোভের মধ্যে সিনেটে ম্যাক্রোর পেনশন পরিকল্পনা পাস
ফ্রান্সের সিনেট প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর অজনপ্রিয় পেনশন সংস্কার পরিকল্পনা অনুমোদন করেছে। সারা দেশের বিভিন্ন শহরে এ পরিকল্পনার প্রতিবাদে হাজার হাজার মানুষের বিক্ষোভ-সমাবেশ চলার মধ্যে সিনেট এটি অনুমোদন করলো।
গত শনিবার সিনেট ১৯৫-১১২ ভোটে পরিকল্পনাটি অনুমোদন করে। এ পরিকল্পনার মধ্যে রয়েছে চাকরি থেকে অবসর গ্রহণের বয়স সীমা ২ বছর বাড়িয়ে ৬৪ বছর করা। এটি এখন আইনে পরিণত হবে।
প্রধানমন্ত্রী এলিজাবেথ বোর্নে এক টুইটে লিখেন, ‘শত শত ঘন্টা ধরে আলোচনার পর পেনশন সংস্কার পরিকল্পনা সিনেটে পাস করা হয়েছে।এটি হলো সংস্কারের পথে প্রথম পদক্ষেপ। যা আমাদের পেনশন ব্যবস্থার ভবিষ্যতকে নিশ্চিত করবে।’ সম্ভবত আগামী বুধবার পার্লামেন্টের উচ্চ ও নিম্ন কক্ষের সদস্যদের নিয়ে গঠিত যৌথ কমিটি অনুমোদিত পরিকল্পনাটি পর্যালোচনা করবে।
কমিটি এ ব্যাপারে একমত হলে বৃহস্পতিবার পার্লামেন্টের উভয়কক্ষ বিলটি চুড়ান্ত অনুমোদন দান করবে। অনুমোদনের জন্য ম্যাক্রোর দলের বিরোধী দলের সমর্থন প্রয়োজন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায় যে, শনিবার টানা সপ্তম দিনের মতো বিভিন্ন শহরে এ বিলের প্রতিবাদে তিন লাখ ৬৮ হাজার লোক বিক্ষোভ করেন। কর্তৃপক্ষ মনে করছে যে, লাখ লাখ লোক রাস্তায় বিক্ষোভ করবে। শনিবার প্যারিস থেকে ৩২ জন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়। বিক্ষোভকালে অনেক বিক্ষোভকারী নিরাপত্তা বাহিনীর সদস্যদের প্রতি পাথর নিক্ষেপ করেন।
এনবিএস/ওডে/সি