এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ১৩ মার্চ, ২০২৩, ১২:০৩ পিএম
সিরিজ জয়ের পর হোয়াইটওয়াশই একমাত্র লক্ষ্য: মিরাজ
বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে ইতিহাস গড়ে টি-টোয়েন্টির সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। ইংল্যান্ডের বিপক্ষে এই সিরিজে যেন নতুন এক বাংলাদেশের দেখা পেয়েছে ক্রিকেটবিশ্ব। চলমান সিরিজে ইংল্যান্ডকে হারিয়ে নতুন এক ইতিহাসও গড়েছে বাংলাদেশ। সব দেশের বিরুদ্ধে কোন এক ফরম্যাটে সিরিজ জয় করলো বাংলাদেশ। ম্যাচশেষে সংবাদ সম্মেলনে এসে ম্যাচসেরা মিরাজ বললেন, এখন বলতে পারব সবাইকে হারিয়েছি।
ইন্ডিয়া ও চলমান সিরিজে ভালো খেলার কারণ জানতে চাওয়া হলে মিরাজ বলেন, দলের হয়ে ভালো কিছু করলে খুবই ভালো লাগে। দলে পরিস্থিতি অনুযায়ী ক্রিকেট খেলেছি এতে ভালো ফল পেয়েছি।
মিরপুরের পিচ নিয়ে প্রশ্নের জবাবে মিরাজ বলেন, মিরপুরে আমরা সব সময় আলাদা একটা সুযোগ পায়। পিচে স্পিনারদের বাড়তি সুযোগ থাকায় আমরা ভালো করেছি। তবে পিচ এতটা খারাপ ছিলো না যে খেলা যাচ্ছিলো না। তা না হলে পাওয়ার-প্লেতে এতো ভালো করতে পারতো না। আমরা সঠিক সময়ে উইকেট তুলে ম্যাচটাকে নিজেদের দিকে নিয়ে এসেছি।
তিনি আরো বলেন, আমরা সব দলের সঙ্গে জিতেছি, অস্ট্রেলিয়াকে হারিয়েছি, নিউজিল্যান্ডকে হারিয়েছি। প্রতিটা দলের সঙ্গে আমরা সিরিজ জিতেছি, শুধু একটা মাত্র দল ছিল যাদের আমরা রিচ করতে পারিনি, সিরিজ জিততে পারিনি, সেটা হলো ইংল্যান্ড। এবার টি-টোয়েন্টিতে আমরা জিতেছি, খুবই ভালো লাগছে। এখন আমরা বলতে পারব সব দলকে হারিয়েছি ও সিরিজ জিতেছি সব দলের সঙ্গেই।
সিরিজ জয় তো হলো, এবার লক্ষ্য হোয়াইট ওয়াশ কিনা? এমন প্রশ্নের জবাবে মিরাজ বলেন, অবশ্যই আমরা শেষ ম্যাচেও ভালো ক্রিকেট খেলার চেষ্টা করবো। আমরা কিন্তু অবশ্যই জেতার জন্য নামি। কিন্তু জেতার আগেও কিছু প্রক্রিয়া আছে, সেটা অনুসরণ করতে হয় আমাদের। আমরা যদি প্রক্রিয়া থেকে বেরিয়ে যাই তাহলে কখনো জিততে পারব না। আমরা যেভাবে চলছি, রুটিন আছে, আমরা সেভাবেই চেষ্টা করবো।
এনবিএস/ওডে/সি