ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

যুক্তরাষ্ট্রে ব্যাংক বন্ধের পর বিশ্বব্যাপী ব্যাংকের শেয়ারে দরপতন


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৪ মার্চ, ২০২৩, ১২:০৩ পিএম

যুক্তরাষ্ট্রে ব্যাংক বন্ধের পর বিশ্বব্যাপী ব্যাংকের শেয়ারে দরপতন


 যুক্তরাষ্ট্রে ব্যাংক বন্ধের পর বিশ্বব্যাপী ব্যাংকের শেয়ারে দরপতন

যুক্তরাষ্ট্রে মাত্র তিন দিনের ব্যবধানে দু’টি ব্যাংক বন্ধ হয়ে যাওয়ার ঘটনায় বিশ্বব্যাপী ব্যাংকের শেয়ারে দরপতন ঘটেছে। যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ও সিগনেচার নামে দু’টি ব্যাংক বন্ধ হয় তিন দিনের ব্যবধানে। এ ঘটনায় দেশটির নাগরিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গ্রাহকদের আতঙ্ক দূর করতে সোমবার বক্তব্য দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি জানান, ব্যাংকে গচ্ছিত গ্রাহকদের অর্থ পুরোপুরি নিরাপদ রয়েছে।

জো বাইডেনের আশ্বাসপুর্ণ বক্তব্যের পরও বিশ্বব্যাপী ব্যাংকগুলোর শেয়ারে দরপতন হয়েছে বলে খবরে বলা হয়েছে। বিনিয়োগকারীদের মনে ভয় ঢুকেছে। অন্যান্য ব্যাংকগুলোও হয়ত বর্তমান সংকটে ধাক্কা খাবে। আর এ শঙ্কা ব্যাংকের শেয়ারে দরপতন ঘটিয়েছে। সোমবার দিনের শুরুতে স্পেনের সানতানদার এবং জার্মানির কমার্জব্যাংকের শেয়ার একটা সময় ১০ শতাংশ পর্যন্ত কমে যায়। ইউরোপের ব্যাংকগুলোর চেয়ে যুক্তরাষ্ট্রের ছোট ব্যাংকগুলোর ক্ষতির পরিমাণ আরো বেশি ছিল। যদিও সোমবার যুক্তরাষ্ট্রের সরকারের পক্ষ থেকে বার বার বলা হয়েছে এ সংকট সহজেই মোকাবেলা সম্ভব হবে। দেশে কোনো তারল্য সংকট নেই।

এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ সুদ হার বৃদ্ধির সিদ্ধান্ত আপাতত স্থগিত করবে বলে জানা গেছে। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে মার্কিন ব্যাংকগুলোর নিয়ন্ত্রক সংস্থা অব্যাহতভাবে সুদ হার বৃদ্ধির পরিকল্পনার কথা জানিয়েছিল।

প্রেসিডেন্ট জো বাইডেন সোমবার এক বক্তব্যে বলেন, সিলিকন ভ্যালি ব্যাংকে যাদের অর্থ গচ্ছিত ছিল তারা সবাই তাদের অর্থ ফেরত পাবেন। গত শুক্রবার সিলিকন ভ্যালি ব্যাংকের পতন হওয়ার পর প্রায় সব গ্রাহকের অর্থ আটকে যায়। এ ব্যাংকটির সঙ্গে স্টার্টআপ এবং প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর লেনদেন বেশি ছিল, ফলে ব্যাংকে টালমাটাল পরিস্থিতি ও অর্থ আটকে যাওয়ার পর ওই কোম্পানীগুলোর কর্মীদের বেতন আটকে যায়।

এনবিএস/ওডে/সি