ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩১ আষাঢ় ১৪৩৩
Logo
logo

সুচির দাতব্য প্রতিষ্ঠান থেকে জমি বাজেয়াপ্ত করার আবেদন প্রত্যাখ্যান আদালতে


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৪ মার্চ, ২০২৩, ০৬:০৩ পিএম

সুচির দাতব্য প্রতিষ্ঠান থেকে জমি বাজেয়াপ্ত করার আবেদন প্রত্যাখ্যান আদালতে

 সুচির দাতব্য প্রতিষ্ঠান থেকে জমি বাজেয়াপ্ত করার আবেদন প্রত্যাখ্যান আদালতে

কারাগারে থাকা মিয়ানমারের ডি-ফ্যাক্টো নেত্রী অং সান সুচির নাইপিটাও’র দো খিন কাই ফাউন্ডেশনের জমি বাজেয়াপ্ত করার একটি আবেদন খারিজ করে দিয়েছে মিয়ানমারের সুপ্রিম কোর্ট।

সুচি ২০১৮ সালে নাইপিটাওতে লা ইয়াং তাও প্রকল্পের জন্য একশ’ একর জমি খরিদ করেন। বন উজাড়ের প্রভাব সম্পর্কে জনসচেতনতা বাড়াতে একটি বৃত্তিমূলক প্রশিক্ষণ স্কুল এবং বন প্রতিষ্ঠা করাই হলো এই প্রকল্পের লক্ষ্য।

২০২১ সালে সেনা অভ্যুত্থানের পর সুচির বিরুদ্ধে অভিযোগ আনা হয়, তিনি বাজার মূল্যের চাইতে কম দামে ক্ষমতার অপব্যবহার করে এই জমি খরিদ করেছেন। এ ব্যাপারে তার বিরুদ্ধে তিনটি দুর্নীতি মামলা দায়ের করা হয়েছে। একটি মামলায় সুচির তিন বছরের সাজা হয়েছে। এই সাজা পরপরই ভোগ করতে হবে।

গত ডিসেম্বর মাসে সামরিক জান্তা নিয়ন্ত্রিত অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে এই জমি ও ভবন বাজেয়াপ্ত করার আবেদন জানিয়েছিল। আদালতের একটি সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, ‘সুপ্রিম কোর্ট শুধু এই আবেদনটিই খারিজ করেনি, সুচির পক্ষ থেকে করা আরেকটি আবেদনও খারিজ করে দিয়েছে।’

একজন আইনজীবী বলেছেন, জান্তাদের আবেদন খারিজ হওয়াটাই শেষ কথা নয়। সরকারের হাতে এখনো সুযোগ আছে। সরকার চাইলে দো খিন কাই ফাউন্ডেশন বাজেয়াপ্ত করার জন্য বিশেষ আবেদন করতে পারবে।

পাপ্পাথিরি টাউনশিপে ফাউন্ডেশনটির ২৩.৮৫৫ একর জমি ও ভবন রয়েছে। সাবেক প্রেসিডেন্ট জেনারেল থেইন সেইনের ‘সোয়ে লেল তাও’ প্রাইভেট ফার্মের কাছাকাছি। ফাউন্ডেশনটির ওট্টারাথিরি টাউনশিপে আরো ১০১.৩৩ একর জমি রাজা থেইনগাহা হাউজিংয়ে রয়েছে। এই জমির প্রতি একর কেনা হয়েছে পাঁচ মিলিয়ন কায়াত করে। ফাউন্ডেশনের পক্ষ থেকে বলা হয়েছে, নাইপিটাও ডেভেলপমেন্ট কমিটি নির্ধারণ করে দিয়েছে।

এনবিএস/ওডে/সি