এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ১৫ মার্চ, ২০২৩, ০১:০৩ পিএম
ভারতে মায়ের গর্ভে থাকা শিশুর হৃৎপিন্ডে ৯০ সেকেন্ডের বিরল অস্ত্রোপচার
হৃদরোগ বিভাগের অধীনে ডিপার্টমেন্ট অব অবস্টেট্রিকস ও গাইনী বিভাগের সহায়তায় অস্ত্রোপাচারটি পরিচালনা করেন চিকিৎসকরা। দেশটির সরকারি প্রতিষ্ঠান অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (এআইআইএমএস)-এ এই অস্ত্রোপচারটি করা হয়।
দিল্লি এআইআইএমএস-এর চিকিৎসকরা জানিয়েছেন মাতৃগর্ভে ভ্রূণের হার্ট সার্জারিটি সফলভাবে তারা সম্পন্ন করেছেন।
অস্ত্রেপচারের সময় চিকিৎসকরা জরায়ুর ভেতরে একটি ছোট আঙ্গুর সদৃশ হৃদপিণ্ডের বেলুন প্রসারণ প্রক্রিয়াটি সফলভাবে শেষ করেন। তবে এটি বিরল অস্ত্রোপচার বলে পরিচিত বলে জানিয়েছেন এআইআইএমএস চিকিৎসকরা । এটি না করা হলে শিশুটি হৃদরোগের প্রদাহ নিয়ে জন্মগ্রহণের সঙ্গে তার আয়ুষ্কালও কম হতে পারত বলে ধারণা বিশেষজ্ঞদের।
অস্ত্রোপচারের এই পদ্ধতিটিকে আল্ট্রাসাউন্ড নির্দেশিকার মাধ্যমে সম্পন্ন করা হয়েছে। পেটে একটি সূঁচ প্রবেশ করিয়ে বেলুন ক্যাথেটারের মাধ্যমে ভালভের বাধাটি অপসারণ করা হয়। এসময় হৃৎপিণ্ডের রক্তপ্রবাহ স্বাভাবিক হতে শুরু করে। পুরো এই প্রক্রিয়াটি ৯০ সেকেন্ডের মধ্যে সম্পন্ন করতে হয়েছে অন্যথায় শিশুটির মৃত্যুর সম্ভাবনা ও ছিল।
গণমাধ্যম বলছে, ২৮ বছর বয়সী গর্ভবতী ওই নারীর জন্য এই অস্ত্রোপচারটি অত্যন্ত চ্যালেঞ্জিং কারণ এর আগে তার তিনবার গর্ভপাত হয়েছিল।
বুধবার (১৫ মার্চ) এনডিটিভি জানিয়েছে, এআইআইএমএস-এর পক্ষ থেকে এর আগে ওই নারী এবং তার স্বামীকে সন্তানের (ভ্রূণের) হৃদপিন্ডের বিষয়টি জানানোর পর তারা সন্তান জন্ম দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন।
বর্তমানে ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট, ভ্রূণ মেডিসিন বিশেষজ্ঞ টীম, কার্ডিওলজি অ্যান্ড কার্ডিয়াক অ্যানেস্থেশিয়া বিভাগ, প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগের চিকিৎসকদের একটি দল নারীটিকে পর্যবেক্ষণ করছে।
চিকিৎসকরা জানিয়েছে, অস্ত্রোপচারের পর মা ও ভ্রূণ উভয়ের স্বাস্থ্যই ভালো রয়েছে। শিশুর হৃদযন্ত্রও স্বাভাবিক থাকবে।
দেশটির ইউনিয়ন স্বাস্থ্যমন্ত্রী মানসুখ মানদাভিয়া বলেছেন, আমি এআইআইএমএস’র চিকিৎসক দলকে অভিনন্দন জানাই এমন বিরল একটি অস্ত্রোপাচার সফলভাবে সম্পন্ন করায়। অনাগত সন্তান ও মায়ের জন্য ইশ্বরের কাছে আমার প্রার্থনা রইল।
এনবিএস/ওডে/সি