ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করলো নিউজিল্যান্ড


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২০ মার্চ, ২০২৩, ০৫:০৩ পিএম

শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করলো নিউজিল্যান্ড

 শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করলো নিউজিল্যান্ড

টিম সাউদি-ব্লেয়ার টিকনারদের দাপটে ওয়েলিংটন টেস্টের চতুর্থ দিনে ইনিংস ব্যাবধানে হেরেছে শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে ১৬৪ রানের পর দ্বিতীয় ইনিংসে ৩৫৮ রান তুলেও ইনিংস এবং ৫৮ রানে হেরেছে শ্রীলঙ্কা। এতে দুই টেস্টের উভয়টিতেই জিতে লঙ্কানদের হোয়াইটওয়াশ করল কিউইরা।

দুই উইকেটে ১১৩ রান নিয়ে চতুর্থ দিন শুরু করেছিলো শ্রীলঙ্কা। এ দিন প্রথম ওভারেই ৫০ রান করে আউট হন কুশল মেন্ডিস। এর দুই ওভারে ৪৪ বলে ২ রান করে ফিরে যান অ্যাঞ্জেলো ম্যাথিউসও। চাপে পড়ে লঙ্কানরা তারপর ১২৬ রানের জুটি গড়েন ধনঞ্জয়া এবং চান্দিমাল। দুজনই হাফ সেঞ্চুরি তুলে নেন এই জুটিতে। টিকনারের বলে পুল করতে গিয়ে ডগ ব্রেসওয়েলকে ক্যাচ দিয়ে ফেরেন চান্দিমাল।

এরপর মাদুশঙ্কাকে নিয়ে আবারও জুটি গড়েন ধনাঞ্জয়া। এই জুটি দলের রানের খাতায় যোগ করে আরও ৭৬ রান। এই জুটি ভাঙেন টিকনার। তার করা শর্ট বলে মিড উইকেটে ক্যাচ তুলে দেন মাদুশঙ্কা। যা লুফে নেন সাউদি। ৯৩ বলে ৩৯ রান তুলে বিদায় নেন এই উইকেটরক্ষক।

৩১৮ রানে সাত উইকেট হারানো শ্রীলঙ্কাকে তখনও ম্যাচে রেখেছিলেন দলটির নিচের সারির ব্যাটাররা। ম্যাচটিকে শেষদিনে নিয়ে যেতে আপ্রাণ চেষ্টা করে গেছেন রাজিথা, প্রবাথ জয়সুরিয়া, লাহিরু কুমারারা। শেষ উইকেট হিসেবে বিদায় নেয়া রাজিথা খেলেন ১১০ বল। দিনের শেষ ওভারে তার ২০ রানের ইনিংসের ইতি ঘটিয়েই নিশ্চিত হয় কিউইদের বিজয়।

এনবিএস/ওডে/সি