ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩১ আষাঢ় ১৪৩৩
Logo
logo

পাকিস্তানে জঙ্গি হামলায় আইএসআইয়ের ব্রিগেডিয়ারসহ নিহত ৮, আহত ৭


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২২ মার্চ, ২০২৩, ০৯:০৩ পিএম

পাকিস্তানে জঙ্গি হামলায় আইএসআইয়ের ব্রিগেডিয়ারসহ নিহত ৮, আহত ৭

 পাকিস্তানে জঙ্গি হামলায় আইএসআইয়ের ব্রিগেডিয়ারসহ নিহত ৮, আহত ৭

পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তান ও ডেরা ইসমাইল খান জেলার পৃথক দুটি ঘটনায় এসব হতাহতের ঘটনা ঘটেছে। দি ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়েছে, নিরাপত্তা ও পুলিশ কর্মকর্তারা বলেছেন, ড্রাইভারসহ গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের ব্রিগ্রেডিয়ার মোস্তাফা কামাল বার্কি আকস্মিক সন্ত্রাসী হামলায় নিহত হয়েছে।

পাকিস্তান সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর এক বিবৃতিতে জানিয়েছে, দক্ষিণ ওয়াজিরিস্তানে জঙ্গিদের সঙ্গে গোলাগুলির সময় সামরিক গোয়েন্দা সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই) এর ব্রিগেডিয়ার মুস্তাফা কামাল বার্কি ও তার গাড়ি চালক নিহত হন। বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, তার দলের সাতজন গোলাগুলিতে আহত হয়েছে, তাদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ জানিয়েছে, ব্রিগেডিয়ার বার্কি আঙ্গুর আদা থেকে ওয়ানা যাওয়ার পথে স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে আফগানিস্তানের সীমান্তবর্তী খামরাঙ্গ এলাকায় তাদের ওপর চোরাগোপ্তা হামলা হয়। কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।

এর আগে একইদিন ভোররাতে ডেরা ইসমাইল খান জেলার খুট্টি এলাকায় পুলিশের একটি চেকপয়েন্টে জঙ্গিরা গুলিবর্ষণ করে, নিরাপত্তা বাহিনী তাৎক্ষণিকভাবে পুরো এলাকা ঘিরে ফেলে বের হওয়ার সব রাস্তা বন্ধ করে দেয়। এক পর্যায়ে সাগ্গু এলাকায় পলায়নপর জঙ্গিদের তারা বাধা দেয়। এ সময় দু’পক্ষের মধ্যে ব্যাপক গুলিবিনিময় হয়।

আইএসপিআর জানিয়েছে, এখানে তীব্র বন্দুক লড়াইয়ে তিন সেনা ও তিন জঙ্গি নিহত হন। নিহত জঙ্গিদের কাছ থেকে অস্ত্র ও প্রচুর গুলি জব্দ করা হয়েছে বলে জানিয়েছে তারা। এ সময় এক পুলিশ কর্মকর্তা আহত হন।   

পাকিস্তানের নিরাপত্তা বাহিনী গত তিন মাসে ৬৯২১টি অভিযান চালিয়ে অন্তত ১৪২ জঙ্গিকে হত্যা ও ১০০৭ জনকে গ্রেপ্তার করেছে বলে আইএসপিআর জানিয়েছে।  

ব্রিগেডিয়ার মুস্তাফা কামাল বুর্কির মৃত্যুর খবরে গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই দলের চেয়ারম্যান ইমরান খান।

এনবিএস/ওডে/সি