এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ২৫ মার্চ, ২০২৩, ১১:০৩ এএম
বিশ্বে সুপেয় পানির অভাবে প্রায় ২৩০ কোটি মানুষ
পানি
এ ছাড়াও সারা বিশ্বের প্রায় ৩৬০ কোটি মানুষের নিরাপদ স্যানিটেশন ব্যবস্থা নেই। শুক্রবার (২৪ মার্চ) রাতে বিশ্বব্যাংকের ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিরাপদ পানি ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশনের অভাবে বিশ্বজুড়ে উন্নয়ন হুমকির মুখে পড়েছে। এসব প্রভাব মোকাবিলায় প্রতিবছর বিশ্বব্যাপী ৫০০ বিলিয়ন মার্কিন ডলার খরচ করা হচ্ছে। জলবায়ু পরিবর্তন এবং ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধির কারণে খরা ও বন্যা সমস্যাকে আরো জটিল করে তুলেছে। বর্তমানে জরুরিভাবে পানি সমস্যার নিরসন করতে হবে। এরজন্য বিশ্ববাসীকে এক হতে হবে।
ইয়েমেনের উদাহরণ দিয়ে বিশ্বব্যাংক জানায়, ইয়েমেনের অগণিত গ্রামে মৌলিক পরিষেবার অভাব রয়েছে। সেখানে নিরাপদ পানির অভাব সব থেকে বেশি। দেশটির জনসংখ্যার ৫৫ শতাংশের বেশি প্রায় ১৮ মিলিয়ন মানুষ নিরাপদ পানি এবং স্বাস্থ্যসম্মত স্যানিটেশনের অভাবে রয়েছে। ইয়েমেনের আল-আদন, আল-আনিন এবং হাওফ- এই তিন গ্রামে পানির অভাব নিরসনে কাজ করছে বিশ্বব্যাংক। কীভাবে বৃষ্টির পানি সংরক্ষণ করা যায় সেই বিষয়ে অর্থায়ন করেছে সংস্থাটি।
বিশ্বব্যাংক জানায়, নিরাপদ পানি ও স্যানিটেশনের অভাব মানবজাতিকে ধীরে ধীরে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে। ২০১৯ সালে মৃত্যুর অষ্টম কারণ ছিল ডায়রিয়াজনিত। অভিযোগ করা হয়, সারাবিশ্বে ২০১৯ সালে নিরাপদ পানি ও নিরাপদ স্যানিটেশনের অভাবে ১৫ লাখ মানুষ মারা যায়। বিশেষ করে নারী ও স্কুলগামী মেয়ে শিশুদের ওপর কঠোর প্রভাব পড়ে।
বিশ্বব্যাংকের মতে, সুপেয় পানির জন্য এক বিলিয়ন ডলার বিনিয়োগ করলে রিটার্ন আসে তিন বিলিয়ন ডলার। গ্রামীণ এলাকায় পানির জন্য বিনিয়োগ করলে আরো বেশি রিটার্ন পাওয়া যায়। পানি কৃষিকাজে অপরিহার্য। শারীরিক সুস্থতায় তা জরুরি। এ কারণে পানির অপর নাম জীবন। সর্বোপরি স্বাস্থ্য খাতে ইতিবাচক ফল পেতে বিশুদ্ধ পানি, নিরাপদ স্যানিটেশন ও ভালো স্বাস্থ্যবিধি বাধ্যতামূলক।
উন্নয়নশীল দেশে পানি উন্নয়নে অর্থায়নের উৎস হিসেবে বিশ্বব্যাংক গ্রুপ উদ্ভাবনী, অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই পানির জন্য প্রতিশ্রুতিবদ্ধ। একটি পানি-সুরক্ষিত বিশ্বের জন্য কাজ করছে বিশ্বব্যাংক।
এনবিএস/ওডে/সি