ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩১ আষাঢ় ১৪৩৩
Logo
logo

রাষ্ট্রদ্রোহ আইনকে অসাংবিধানিক বলল পাকিস্তানের লাহোর হাইকোর্ট


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ০১ এপ্রিল, ২০২৩, ০৩:০৪ পিএম

রাষ্ট্রদ্রোহ আইনকে অসাংবিধানিক বলল পাকিস্তানের লাহোর হাইকোর্ট

 রাষ্ট্রদ্রোহ আইনকে অসাংবিধানিক বলল পাকিস্তানের লাহোর হাইকোর্ট

 বাকস্বাধীনতা ও সাংবাদিকতাকে গুরুত্ব দিয়ে আদালত বলেছে, ঔপনিবেশিক আমলের এই আইনটি অসাংবিধানিক। বৃহস্পতিবার আদালতের একটি একক বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

বিরোধী দলকে দমনে পাকিস্তান সরকার রাষ্ট্রদ্রোহ আইন ব্যবহার করছে, এমন অভিযোগ তুলে আইনটির বিরুদ্ধে লাহোরের হাইকোর্টে বেশ কয়েকটি আবেদন করা হয়েছিল। এর প্রেক্ষিতে হাইকোর্টের বিচারপতি শাহিদ করিম এ রায় দেন। পাকিস্তানের সুপ্রিম কোর্ট যদি হাইকোর্টের এই সিদ্ধান্ত বাতিল না করেন, তাহলে রায়টি সারা দেশে কার্যকর হবে।

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান জাতীয় নির্বাচন দাবি করে বিভিন্ন সমাবেশ করছেন। তার বিরুদ্ধে এ পর্যন্ত শতাধিক মামলা হয়েছে। তার মধ্যে রাষ্ট্রদ্রোহ মামলাও রয়েছে। শেহবাজ শরীফের সরকারও চাইছে সুপ্রিম কোর্টের ক্ষমতা কমিয়ে আনতে। আদালতের এই রায়কে স্বাগত জানিয়েছে, পাকিস্তানের বিভিন্ন ব্যক্তি ও সংগঠন।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ১৮৬০ সালে ভারতবর্ষে রাষ্ট্রদ্রোহ আইনটি জারি করেছিল ব্রিটিশ ঔপনিবেশিক সরকার। এতে বলা হয়েছে, ‘কেউ যদি মৌখিক, লিখিত, আকার-ইঙ্গিত, দৃশ্যমান কর্মকাণ্ড বা অন্য কোনোভাবে আইনের মাধ্যমে প্রতিষ্ঠিত কেন্দ্রীয় বা প্রাদেশিক সরকারের বিরুদ্ধে ঘৃণা ছড়ায় বা অবমাননা করে বা করার চেষ্টা করে অথবা অসন্তোষ ছড়াতে উসকানি দেয় বা উসকানি দেওয়ার চেষ্টা করে, তাকে যাবজ্জীবন কারাদণ্ডসহ জরিমানা করা হতে পারে অথবা জরিমানাসহ বা জরিমানা ছাড়া কারাদণ্ড দেওয়া হতে পারে, যার মেয়াদ তিন বছর পর্যন্ত বাড়ানো যেতে পারে।’

এনবিএস/ওডে/সি