এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ০৪ এপ্রিল, ২০২৩, ০৩:০৪ পিএম
সাফ চ্যাম্পিয়নশিপে যুক্ত হবে সৌদি আরব ও মালয়েশিয়া
গত বছর মেয়েরা সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর ছাদ খোলা বাসে আমন্ত্রণ জানিয়ে ছিলেঅ বাফুফে। এরপর বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনাকে ১০০ কোটি টাকা খরচ করে বাংলাদেশে আনার স্বপ্ন দেখানো বাফুফে এখন আর্থিক সংকটে। মিয়ানমারে অলিম্পিক নারী ফুটবল বাছাইয়ে খেলতে পাঠাতে পারছেনা বাফুফে।
সোমবার মিয়ানমারে অলিম্পিক নারী ফুটবল বাছাইয়ে খেলতে না পাঠানোর কারণ জানাতে সংবাদ সম্মেলনে আসেন বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিন। এছাড়াও সেখানে আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপ নিয়ে কথা বলেন তিনি।
তিনি বলেন, সাফের সাত দেশের মধ্যে শ্রীলঙ্কা খেলবে কি না সেই নিশ্চয়তা নেই। ২০ এপ্রিল পর্যন্ত সময় দেওয়া রয়েছে তাদেরকে। ধরেই নেওয়া হয়েছে শ্রীলঙ্কা আসতে পারবে না। নতুন দল নেওয়া হবে। সৌদি আরব এবং মালয়েশিয়াকে আমন্ত্রণ জানানো হয়েছে।
তিনি আরো বলেন, সাফের সভায় আমরা আলোচনা করেছি। এবার সাফে সৌদি আরব এবং মালয়েশিয়াকে ঢোকাতে চাচ্ছি। আমন্ত্রণ জানানো হয়েছে। শ্রীলঙ্কা সাসপেনশনে আছে। ভালো দলের বিপক্ষে খেলতে পারলে উন্নতি হবে। খেলতে খেলতে জিতবে।
এবার সাফে আট দেশ খেলবে। শ্রীলঙ্কা খেললে এক দেশকে নেওয়া হবে বাইরে থেকে। আর না খেললে দুই দেশকে নেওয়া হবে। ২১ জুন থেকে ৪ জুলাই সাফ চ্যাম্পিয়নশিপ হবে ভারতের ব্যাঙ্গালুরুতে।
এনবিএস/ওডে/সি