এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ০৪ এপ্রিল, ২০২৩, ১০:০৪ পিএম
মুক্তিযোদ্ধা সংসদকে হারিয়ে ফেডারেশন কাপের সেমিফাইনালে বসুন্ধরা
ফেডারেশন কাপের সেমিফাইনালে খেলা নিশ্চিত করেছে বসুন্ধরা কিংস। মঙ্গলবার মুন্সিগঞ্জে শেষ আটের লড়াইয়ে মুক্তিযোদ্ধা সংসদকে ৩-১ গোলে হারিয়েছে অস্কার ব্রুজেনের দল। জোড়া গোল করে কিংসদের জয়ের নায়ক দরিয়েলতন গোমেজ।
এদিন মাঠে নেমে প্রথমার্ধে কিংসকে চ্যালেঞ্জ জানায় মুক্তিযোদ্ধা। সমান তালে লড়াই চালায় তারা। সুযোগ কাজে লাগিয়ে ৩৪ মিনিটে আত্মঘাতী গোলে লিডও পেয়ে যায় মুক্তিযোদ্ধা। সোমা ওতানির কর্নার গোলের মুখে এলে কিংস ফরোয়ার্ড দরিয়েলতনের মাথা ছুঁয়ে জড়িয়ে যায় জালে। বলের লাইনে থেকেও আটকাতে পারেননি আনিসুর রহমান জিকো।
পিছিয়ে পড়লেও অবশ্য সমতা ফেরাতে খুব বেশি সময় নেয়নি বসুন্ধরা কিংস। ৪১ মিনিটে সেই দরিয়েলতনের গোলেই ম্যাচে ফিরে আসে কিংস। বাম প্রান্ত থেকে রবসন রবিনহোর আড়াআড়ি ক্রসে গোল মুখে বাম পায়ের ভলিতে জাল খুঁজে নেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড।
দ্বিতীয়ার্ধের শুরুটা ধীর গতির হলেও সময় বাড়লে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় কিংস। আক্রমণের ধারা অব্যাহত রাখে ব্রুজোনের দল। ৭৯ মিনিটে দরিয়েলতনের গোলে এগিয়ে যায় কিংস। রবিনহোর কর্নারে হেডে লক্ষ্যভেদ করে তিনি। টুর্নামেন্টে এটি তার তৃতীয় গোল। দুই মিনিট পরেই ব্যবধান আরও বাড়ায় কিংস। এবার স্কোরশিটে নাম লেখান রবিনহো। তবে এই গোলেও দারুণ অবদান রেখেছেন দরিয়েলতন। ফলে বড় জয়ে সেমিফাইনাল নিশ্চিত করলো বসুন্ধরা কিংস।
এনবিএস/ওডে/সি