এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ০৫ এপ্রিল, ২০২৩, ০৩:০৪ পিএম
উইলিয়ামসনের পরির্বতে দাসুন শানাকাকে দলে টেনেছে গুজরাট
চেন্নাই সুপার কিংসের বিপক্ষে আইপিএলের প্রথম ম্যাচে হাঁটুর চোট পান কেন উইলিয়ামসন। পুরো টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন এই কিউই তারকা। তার অনুপস্থিতি গুজরাট টাইটান্সের ব্যাটিং লাইনে নিশ্চিতভাবে শূন্যতা তৈরি করবে। তবে তার পরির্বতে লঙ্কান অলরাউন্ডারকে নিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
শ্রীলঙ্কার অলরাউন্ডার দাসুন শানাকাকে দলে অন্তর্ভুক্ত করেছে গুজরাট। জাতীয় দলের টি-টোয়েন্টি অধিনায়ক তিনি। টি-টোয়েন্টি ক্রিকেটে খেলেছেন ১৮১ ম্যাচ। ১৪১.৯৪ স্ট্রাইক রেটে করেছেন ৩৭০২ রান। বল হাতে ৮.৮ ইকোনমি রেটে পেয়েছেন ৫৯ উইকেট। এই বছরের জানুয়ারিতে ভারতে শ্রীলঙ্কার তিনটি টি-টোয়েন্টিতে ১৮৭.৮৭ স্ট্রাইক রেটে ১২৪ রান করেন। নজরকাড়া পারফরম্যান্সে প্রথমবার আইপিএলে পা রাখছেন শানাকা।
এর আগে একটি বলও না খেলে ভারতীয় ফ্র্যাঞ্চাইজি লিগ থেকে বিদায় নিতে হয় উইলিয়ামসনকে। আহমেদাবাদে চেন্নাইয়ের বিপক্ষে ফিল্ডিংয়ের সময় বাউন্ডারির সামনে দাঁড়িয়ে ছয় আটকাতে গিয়ে চোট পান গুজরাট টাইটান্সের উইলিয়ামসন। বাউন্ডারি সীমানায় দাঁড়ানো উইলিয়ামসন লাফিয়ে বল হাতে নিয়ে শূন্যে থাকতেই মাঠে ছুড়ে দেন। কিন্তু তার ডান পা বাউন্ডারির ওপারে পড়লেও ভারসাম্য রাখতে পারেননি। মাটিতে পড়ে ডান হাঁটু ধরে যন্ত্রণায় কাতরাতে থাকেন কিউই তারকা। পরে আর দাঁড়াতে পারেননি উইলিয়ামসন। সাপোর্ট স্টাফদের সহায়তায় মাঠ ছাড়েন তিনি।
এনবিএস/ওডে/সি