এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ০৬ এপ্রিল, ২০২৩, ০৭:০৪ পিএম
মালয়েশিয়ায় হাইড্রোলিক ক্রেন চাপায় দুই বাংলাদেশি শ্রমিক নিহত
নির্মাণাধীন ভবনে কাজ করার সময় দুর্ঘটনাটি ঘটে। নিহত শ্রমিকেরা এক্সকাভেটর পরিচালনার কাজ করতেন। বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকালে পুলাই ফায়ার অ্যান্ড রেসকিউ প্রধান এক বিবৃতিতে এ তথ্য জানান। ধারণা করা হচ্ছে, ভূমি ধসের কারণে ক্রেনটি উল্টে যেতে পারে।
দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বারনামার প্রতিবেদনে বলা হয়, বুধবার রাত ৮টা ১৭ মিনিটে মালয়েশিয়ার সিম্পাং পুলাইয়ের কনস্ট্রাকশন কোয়ারি সাইডে একটি হাইড্রোলিক ক্রেন উল্টে বিশালাকার ক্রেনের নিচে চাপা পড়ে তারা নিহত হন। তবে তাদের নাম-ঠিকানা প্রকাশ করেনি পুলিশ।
পেরেক ফায়ার অ্যান্ড রেসকিউ টিম জানিয়েছে, তারা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুজনের মরদেহ দেখতে পান। নিহতদের বয়স ৩০ থেকে ৪০ বছর। এসময় অত্যাধুনিক প্রযুক্তির যন্ত্রপাতি ব্যবহার করে ক্রেন সরিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় মরদেহগুলো উদ্ধার করা হয়। উদ্ধার অভিযানটি রাত ৯ টা ৫৫ মিনিটে শেষ হয় বলে জানান রেসকিউ টিমের মূখপাত্র।
তিনি আরো জানান, নিহতদের দেহাবশেষ স্থানীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
ইপোহ জেলা পুলিশের প্রধান এসিপি ইয়াহায়া হাসান বলেন, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য রাজা পারমাইসুরি বাইনুন হাসপাতালে পাঠানো হয়েছে। তবে দুই বাংলাদেশির পরিচয় সম্পর্কে নিশ্চিত তথ্য জানায়নি পুলিশ।
এনবিএস/ওডে/সি