ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩১ আষাঢ় ১৪৩৩
Logo
logo

সৌদি আরবে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রবাহী রুশ যুদ্ধজাহাজ


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ০৭ এপ্রিল, ২০২৩, ০৭:০৪ পিএম

সৌদি আরবে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রবাহী রুশ যুদ্ধজাহাজ

 সৌদি আরবে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রবাহী রুশ যুদ্ধজাহাজ

সৌদি আরবের জেদ্দা বন্দরে বুধবার (৫ এপ্রিল) ভিড়েছে রাশিয়ার একটি যুদ্ধজাহাজ। যুদ্ধজাহাজটির সঙ্গে একটি তেলবাহী ট্যাংকারও ছিল। যুদ্ধজাহাজটির নাম অ্যাডমিরাল গোরশকভ। সেটিতে ‘জিরকন’ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করা রয়েছে। আর ট্যাংকারটির নাম কামা। ২৪ ঘণ্টা পর জেদ্দা ত্যাগ করে জাহাজ দুটি।

নাম প্রকাশ না করার শর্তে সৌদি আরবের রাজধানী রিয়াদে রুশ দূতাবাসের একজন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

জাহাজ দুটি রাশিয়ার উত্তরাঞ্চলীয় নৌবহরের অংশ। গত জানুয়ারিতে এই নৌবহর রাশিয়া ত্যাগ করে। এরপর থেকে সেটি ভারত মহাসাগর ও আরব সাগরে দুটি মহড়ায় অংশ নিয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বলা হয়েছে, প্রায় ১০ বছরের মধ্যে এই প্রথম রাশিয়ার যুদ্ধজাহাজ সৌদি আরবের কোনো বন্দরে ভিড়ল। সেখান থেকে জাহাজ দুটিতে খাওয়ার পানি ও খাদ্যপণ্য সংগ্রহ করা হয়। এছাড়া, জাহাজের নাবিকদের জন্য জেদ্দায় একটি ‘সাংস্কৃতিক অনুষ্ঠানের’ আয়োজনও করা হয়েছিলো।

জ্বালানি তেল রপ্তানিকারক দেশগুলোর জোট ওপেকের সদস্য সৌদি আরব ও রাশিয়া। বিশ্বে তেলের বাজার নিয়ন্ত্রণে সৌদি আরবসহ জোটের অন্যান্য দেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে রাশিয়া। চলতি মাসের শুরুতেই ওপেক ও জোটটির মিত্রদেশগুলো দিনে ১০ লাখের বেশি ব্যারেল তেল উৎপাদন কমানোর সিদ্ধান্ত নেয়। হঠাৎ এই সিদ্ধান্তে বিশ্বজুড়ে বেড়েছে তেলের দাম। ওপেক জোটের এই পদক্ষেপের সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র।

এনবিএস/ওডে/সি