এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ০৮ এপ্রিল, ২০২৩, ০৯:০৪ পিএম
আবারও উত্তপ্ত হয়ে উঠেছে জেরুজালেম
বুধবার রাতভর মাত্র ২৪ ঘন্টার ব্যবধানে আল-আকসা মসজিদে পর পর দু’বার ইসরায়েলি পুলিশের হামলার পর জেরুজালেম পরিস্থিতির অবনতি ঘটে। কিন্তু ইসরায়েলি পুলিশের এই সহিংস হামলা শেষ পর্যন্ত জেরুজালেমে সীমাবদ্ধ থাকেনি। বিমান হামলা চালানো হয়েছে লেবানন ও গাজায়।
ইসরায়েল বলেছে, তারা দক্ষিণ লেবানন ও গাজায় শুক্রবার ফিলিস্তিনি যোদ্ধাদের গ্রুপ হামাসকে টার্গেট করে বিমান হামলা চালিয়েছে। তাদের অভিযোগ, বিমান হামলার কয়েক ঘন্টা আগে দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি ভূখণ্ডে রকেট হামলা চালানো হয়েছে। এজন্য ইসরায়েলি কর্তৃপক্ষ ফিলিস্তিনি যোদ্ধাদের দায়ি করেছে।
২০০৬ সালের পর লেবানন থেকে সর্বাধিক রকেট ছোঁড়া হয়েছে ইসরায়েলে। কিন্তু গাজা, ইসরায়েল বা লেবাননে এসব হামলায় কেউ হতাহত হননি। দুই পক্ষের হামলাই ভবন, গাড়ি ও কৃষি খামারের মধ্যে সীমাবদ্ধ ছিল।
আকাশ হামলার পাশাপাশি স্থলভাগের পরিস্থিতি বেশ উত্তপ্ত। শুক্রবার অধিকৃত পশ্চিম তীরে একটি ইহুদি পরিবারের উপর হামলা চালানো হলে দুই বোন নিহত। হামলার শিকার তাদের মা আশঙ্কাজনক অবস্থায় আছে। এই হামলাকে ইসরায়েলি কর্তৃপক্ষ ‘সন্ত্রাসী হামলা’ বলে উল্লেখ করেছে। কিন্তু হামাস ও ইসলামিক জিহাদ এই হামলার জন্য প্রশংসিত হয়েছে এবং বলা হয়েছে ‘বীরোচিত অভিযান’।
এই বছরের হামলাটি হয়েছে একটি সংবেদনশীল সময়ে, যা ফিলিস্তিনি এবং ইসরায়েলিদের জন্য গুরুত্বপূর্ণ। মুসলমানেরা পবিত্র রমজান মাস পালন করছেন এবং ইহুদিরা উদযাপন করছে ‘পাসওভার’।
তার মাত্র কিছু আগে বিচার বিভাগের সংস্কার নিয়ে ইসরায়েল জুড়ে গণবিক্ষোভের ঝড় উঠেছিল। তা গত গত সপ্তাহে মাত্র কিছুটা স্তিমিত হয়েছে। তবে দেশটি এ ব্যাপারে বিভক্ত হয়ে পড়েছে।
আল-আকসা মসজিদের ঘটনা নিয়ে জানা যায়, আল-আকসা মসজিদটি মুসলমানদের কাছে আল হারাম আল আশরাফ নামে পরিচিত, যা ইসলামের তৃতীয় পবিত্র স্থান। এখানেই আছে ইহুদিদের টেম্পল মাউন্ট। কিন্তু পাসওভারকে কেন্দ্র করে চরমপন্থী ইহুদি গোষ্ঠীগুলো প্রাচীন পাসওভার (যার চর্চা এখন নেই) আচরণের অংশ হিসেবে কম্পাউন্ডে ছাগল উৎসর্গের জন্য উৎসাহিত করতে থাকে। তাতে মুসলমানদের রাতে মসজিদে থাকার ঘটনা বেড়ে যায়।
ইসরায়েলি পুলিশ বলেছে, বুধবার তারা আল-আকসায় হামলা চালায় যখন ‘শতাধিক দাঙ্গাকারী এবং মসজিদ অবমাননাকারী’ মসজিদের ভিতর অবস্থান করছিল। তারা ভিতরে প্রবেশ করলে তাদের দিকে পাথর ও বোমা নিক্ষেপ করা হয়।
এনবিএস/ওডে/সি