এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ০৮ এপ্রিল, ২০২৩, ০৯:০৪ পিএম
রুশ আগ্রাসনের পর প্রথম ভারত সফরে ইউক্রেনিয়ান মন্ত্রী
সোমবার চারদিনের সফরে ভারতে আসবেন যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের ফার্স্ট ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী এমিনে দাঝাপারোভা। গত ফেব্রুয়ারী মাসে রাশিয়ার হামলার পর প্রথম কোনো ইউক্রেনিয়ান মন্ত্রী দক্ষিণ এশিয়ার দেশটিতে প্রথম সরকারী সফরে আসছেন।
ঐ সফরকালে দ্বি-পাক্ষিক সম্পর্ক, ইউক্রেনের বর্তমান অবস্থা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিশ্ব সমস্যা নিয়ে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মত বিনিময় করবেন ইউক্রেনিয়ান মন্ত্রী। এছাড়া, তিনি ভারতের পররাষ্ট্র ও সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী মিনাক্ষি লেখি এবং জাতীয় নিরাপত্তা বিষয়ক সহকারী উপদেষ্টা বিক্রম মিসরির সঙ্গেও কথা বলবেন।
ভারতের এক সরকারী বিবৃতিতে বলা হয়, ভারত গত ৩০ বছর ধরে ইউক্রেনের সঙ্গে উষ্ণ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছে। এই সম্পর্কের কারণে দুদেশের মধ্যকার বানিজ্য, শিক্ষা, সংস্কৃতি এবং প্রতিরক্ষা বিষয়ক সম্পর্কের অভূতপূর্ব উন্নতি হয়েছে। ইউক্রেনিয়ান মন্ত্রীর এই সফর দুদেশের মধ্যকার এই সম্পর্ককে আরো এগিয়ে নিয়ে যাবে।
সফরকালে মিসেস দাঝাপারোভা ভারতের কাছে মানবিক সহায়তা চাইবেন। সেইসঙ্গে রাশিয়ার সাম্প্রতিক হামলায় ক্ষতিগ্রস্ত অবকাঠামোর সংস্কারেও সাহায্য কামনা করবেন।
এছাড়া, সফরকালে ইউক্রেনিয়ান মন্ত্রী তাদের দেশে সফরের জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানাবেন বলে জানা গেছে।
জি২০ জোটের বর্তমান সভাপতির দায়িত্বে রয়েছে ভারত। এমন একটি জোটের বড় দায়িত্বে থাকার পরও ইউক্রেনে রাশিয়ার হামলার বিষয়ে ভারত নিন্দা জানানো থেকে বিরত থেকেছে। এর কারণ, রাশিয়া ভারতের অনেক পুরনো মিত্র।
এনবিএস/ওডে/সি