এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ০৮ এপ্রিল, ২০২৩, ০৯:০৪ পিএম
নারী ফুটবল দল নিয়ে ওমর সানীর খোঁচা!
৫ এপ্রিল থেকে মিয়ানমারে অলিম্পিক বাছাইয়ে এশিয়ান পর্বে ‘বি’ গ্রুপে স্বাগতিক মিয়ানমার, ইরান ও মালদ্বীপের বিপক্ষে ম্যাচ ছিল বাংলাদেশের। কিন্তু টাকার অভাবে প্যারিস অলিম্পিক ফুটবল বাছাই পর্বে খেলা হচ্ছে না বাংলাদেশ নারী ফুটবল দলের। এই সফরের জন্য কয়েক মাস ক্যাম্পে থেকে দুবেলা অনুশীলনও করেছেন তারা। কিন্তু ২৯ মার্চ তাদের জানিয়ে দেয়া হয়, মিয়ানমার যাওয়া হবে না তাদের।
ওইদিন এক ভিডিও বার্তায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেন, ‘আগামী ৫ এপ্রিল থেকে ১১ এপ্রিল মিয়ানমারে অনুষ্ঠিত হবে নারী অলিম্পিকের বাছাইপর্ব। সেখানে বাংলাদেশ নারী ফুটবল দলের অংশগ্রহণ করার কথা ছিল। তবে অর্থিক সংকটের কারণে আমরা সেখানে যেতে পারছি না।’
বাফুফের এমন বক্তব্য প্রকাশ্যে আসার পর সমালোচনার মুখে পড়েন এর সভাপতি কাজী সালাউদ্দিন। এবার সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে খোঁচা দিয়ে স্ট্যাটাস দিয়েছেন চিত্রনায়ক ওমর সানী। ৮ এপ্রিল (শনিবার) দুপুরে ফেসবুক অ্যাকাউন্টে দেয়া পোস্টে তিনি লেখেন, ‘অর্থের অভাবে আমাদের নারী ফুটবল দল অলিম্পিক বাছাইতে যেতে পারলেন না। কত বড় লজ্জা আমাদের, হায়রে আমাদের বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন। আমি কিছুই বলুম না আপনারা বলেন।’
এনবিএস/ওডে/সি