ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

শহীদ চান্দু স্টেডিয়ামে কার্যক্রম শুরু করবে বিসিবি


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ০৮ এপ্রিল, ২০২৩, ০৯:০৪ পিএম

শহীদ চান্দু স্টেডিয়ামে কার্যক্রম শুরু করবে বিসিবি

 শহীদ চান্দু স্টেডিয়ামে কার্যক্রম শুরু করবে বিসিবি

 চলতি বছরের মার্চে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম থেকে ক্রিকেটের সকল কার্যক্রম গুটিয়ে নিয়েছিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জেলা ক্রীড়া সংস্থার অসহযোগিতার অভিযোগে এই স্টেডিয়ামের ভেন্যু বাতিল করেছিলো বিসিবি। এরপর বিসিবির সেই সিদ্ধান্তের উপর ক্ষোভ প্রকাশ করে আন্দোলন করে স্থানীয় ক্রিকেটপ্রেমীরা। এবার সেই স্টেডিয়াম নিয়ে বিসিবি থেকে সুখবর পেল বগুড়ার ক্রিকেটপ্রেমীরা।

শনিবার বগুড়ার স্টেডিয়াম নিয়ে বিসিবিতে এক বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকেই বগুড়া স্টেডিয়ামে কার্যক্রম ফেরানোর কথা জানিয়েছেন বিসিবি পরিচালক ইসমাইল হায়দার মল্লিক। তিনি বলেন, শুরুতে গ্রাউন্ডস কমিটির কাছে মাঠ থাকবে, পরে ধীরে ধীরে বিসিবি তাদের কার্যক্রমও ফেরাবে।

ইসমাইল হায়দার মল্লিক বলেন, শহীদ চান্দু স্টেডিয়াম ওভাবেই থাকছে এবং বিসিবি টেক ওভার করছে। রোববার (৯ এপ্রিল) থেকে কার্যক্রম শুরু হবে। আমাদের অধীনে এনে এটাকে পরিচর্যা করতে হবে আগে। এরপর খেলা কী হবে কার খেলা হবে এসব গ্রাউন্ডস কমিটি ঠিক করবে। যেকোনো খেলার আগেই আমরা আগে গ্রাউন্ডস কমিটিতে পাঠায় তারা অনুমোদন দিলে তবেই খেলা হয়।

প্রায় দেড় দশকেরও বেশি সময় ধরে কোনো আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয় নি বগুড়ায়। বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মাহবুব আনাম মনে করেন, চাইলে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনও সম্ভব হবে শহীদ চান্দু স্টেডিয়ামে।

আনাম মাহবুব বলেন, প্রথমত বগুড়াতে এখন হোটেলের সমস্যা নাই। বগুড়াতে এখন যে হোটেল আছে তা আন্তর্জাতিক ম্যাচ আয়োজনে সম্পূর্ণভাবে প্রস্তুত। আগেও বগুড়াতে আমরা খেলা পরিচালনা করেছি, বাসে করে যেতে হতো। খুলনা থেকে বাসে করে দুটো দল বগুড়ায় এসে খেলেছে। সম্প্রতি খেলা এতো পরিমাণে হচ্ছে যাত্রার সময়টা সংকীর্ণ হয়ে গেছে। তবে এ ব্যাপারেও উনারা যে প্রস্তাবনা দিয়েছেন সেটা সম্ভব। আমরা এ নিয়ে সরকারের সাথে আলাপ আলোচনা করবো।

এনবিএস/ওডে/সি