ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

ইংলিশ লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের টানা দ্বিতীয় জয়


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ০৯ এপ্রিল, ২০২৩, ০৪:০৪ পিএম

ইংলিশ লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের টানা দ্বিতীয় জয়

 

 ইংলিশ লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের টানা দ্বিতীয় জয়

আক্রমণে পিছিয়ে ছিলো না এভারটন, কিন্তু গোলের দেখা পেলো না তারা। ম্যানচেস্টার ইউনাইটেডের গোলরক্ষকও এদিন দারুণ খেলেছেন। বেশ কয়েকটি গোল থেকে দলকে রক্ষা করেছেন। তবে ম্যানচেস্টার গোলের সুযোগ দারুণভাবে কাজে লাগিয়েছে।

ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার ঘরের মাঠে এভারটনকে ২-০ ব্যবধানে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। দলের স্কট ম্যাকটমিনে ও আন্থনি মার্শিয়াল একটি করে গোল করেন। টানা দ্বিতীয় জয়ে টেবিলের তিনেও উঠে এসেছে এরিক টেন হাগের দল।

ওল্ড ট্র্যাফোর্ডে শুরু থেকেই আধিপত্য বজায় রাখে ইউনাইটেড। আক্রমণও করতে থাকে বেশ। তবে গোল পেতে তাদের অপেক্ষা করতে হয়েছে ৩৬ মিনিট পর্যন্ত। প্রথম থেকেই বেশ কয়েকটি সুযোগ নষ্ট করে শেষ পর্যন্ত ম্যাকটমিনের গোলে এগিয়ে যায় রেড ডেভিলসরা। জ্যাডন সানচো থেকে পাওয়া পাস বুলেট গতির শটে জালে পাঠান স্কটিশ এই মিডফিল্ডার।

বিরতির পর আগের মতোই আধিপত্য বজায় রেখে খেলতে থাকে ইউনাইটেড। ৭১তম মিনিটে গিয়ে ব্যবধান দ্বিগুণ করেন মার্শিয়াল। র‌্যাশফোর্ডের পাস বক্স থেকে নিচু শটে জালে পাঠান তিনি। শেষদিকেও বেশ কয়েকটি আক্রমণ চালায় ইউনাইটেড। তবে আর গোল পাওয়া হয়নি।  

এই জয়ে ২৯ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে উঠে এসেছে ইউনাইটেড। এক ম্যাচ কম খেলে ৫৩ পয়েন্ট নিয়ে চারে নেমে গেছে নিউক্যাসল ইউনাইটেড। ২৭ পয়েন্ট নিয়ে ১৬ নম্বরে এভারটন। এর আগে, লিগে টানা তিন ম্যাচ জয়হীন থাকার পর ব্রেন্টফোর্ডের বিপক্ষে জয়ে ফিরে ম্যানচেস্টার ইউনাইটেড।

এনবিএস/ওডে/সি