ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ২৯ আষাঢ় ১৪৩৩
Logo
logo

বাফুফে সভাপতি কথা গোপন রেখে অন্যায় করেছেন: ক্রীড়া প্রতিমন্ত্রী


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ০৯ এপ্রিল, ২০২৩, ১০:০৪ পিএম

বাফুফে সভাপতি কথা গোপন রেখে অন্যায় করেছেন: ক্রীড়া প্রতিমন্ত্রী

 বাফুফে সভাপতি কথা গোপন রেখে অন্যায় করেছেন: ক্রীড়া প্রতিমন্ত্রী

গত বছর দেশের ফুটবলে বড় সাফল্য এনেছিলো লাল-সবুজের মেয়েরা। সাফ চ্যাম্পিয়ন মেয়েদের ছাদ খোলা বাসে সংর্বধনা জানিয়েছিলো বাফুফে। এরপর কাতার বিশ্বকাপ জয়ী পুরো আর্জেন্টাইন দলকে বাংলাদেশে আনতে ১০০ কোটি টাকা খরচের কথা বলেছিলেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। কিন্তু পুরো দেশকে বিস্মিত করে চলতি বছরে মিয়ানমারে অলিম্পিক বাছাইয়ে খেলতে সাফ চ্যাম্পিয়ন নারী ফুটবল দলকে আর্থিক সংকটে পাঠাতে ব্যর্থ হয়েছে বাফুফে।  

বাফুফে টাকার অভাবে মেয়েদের বাছাইপর্বে খেলতে পাঠানো যায়নি এই অজুহাত দেশের জনগন এবং মিডিয়ার পাশাপাশি মানতে নারাজ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। তিনি স্পষ্ট করে বলেছেন, বাফুফে ইচ্ছাকৃতভাবে মেয়েদের বাছাইয়ে খেলতে পাঠায়নি এবং এ জন্য তাদেরকে জবাবদিহি করতে হবে।

রোববার সাংবাদিকদের জাহিদ আহসান রাসেল বলেন, আমি চিকিৎসার জন্য কিছুদিন দেশের বাইরে ছিলাম। তাই এটা নিয়ে কথা বলতে পারিনি। আমি অবশ্য তাদের কাছে জানতে চাইব, কোনো তারা এমন কথা বলেছেন। দেশবাসী সবারই একটাই প্রশ্ন- অল্প কিছু টাকার জন্য কেন মেয়েদের দেশের বাইরে খেলতে যেতে পারবেন না! আমরা সরকারের পক্ষ থেকে অবশ্যই তাদের পাশে থাকতাম, অনেক স্পন্সর প্রতিষ্ঠানও সহায়তা দেওয়ার জন্য প্রস্তুত ছিল। অথচ কারও সঙ্গে কথা না বলে, কাউকে কিছু না জানিয়ে তারা এই সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি বলেন, কেন তারা এই কাজটি করলেন, সেটা আমার জানা নেই। আমি গণমাধ্যমকে অনুরোধ করব, বিষয়টি খতিয়ে দেখার। কেন এরকম অন্যায় একটা সিদ্ধান্ত নিয়ে মেয়েদের এতবড় একটা সুযোগ হাতছাড়া হতে দিলেন। এটা করে মেয়েদের তারা বঞ্চিত করলেন। রোববার ভারত কিন্তু কোয়ালিফাই করেছে। আমরা তো ভারতের চেয়ে ভালো দল ছিলাম। আমাদেরও একটা সম্ভাবনা ছিল। তারা এই সম্ভাবনাকে নষ্ট করেছে।

তিনি আরো বলেন, আগামীকাল (সোমবার) আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিষয়টি বিস্তারিতভাবে অবহিত করব। আমার মনে হয়, তারা ইচ্ছাকৃতভাবে দলটাকে পাঠায়নি। কেন তারা ইচ্ছাকৃতভাবে কাজটি করে আমাদের ভাবমূর্তি সংকটে ফেললেন সেটা খতিয়ে দেখা দরকার। মাননীয় প্রধানমন্ত্রী নারীদের খেলায় অনেক পৃষ্ঠপোষকতা করেন, সেটা ফুটবল হোক কিংবা ক্রিকেট। সেই নারীরা যখন অল্প কিছু টাকার জন্য খেলতে যেতে পারেনি, এটার পেছনে নিশ্চয় অন্য কিছু আছে। আমি অবশ্যই বিষয়টা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অবহিত করব।
এনবিএস/ওডে/সি