ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

পাঞ্জাব কিংসকে হারিয়ে ৮ উইকেটে জয় পেয়েছে হায়দরাবাদ


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১০ এপ্রিল, ২০২৩, ০১:০৪ পিএম

পাঞ্জাব কিংসকে হারিয়ে ৮ উইকেটে জয় পেয়েছে হায়দরাবাদ

 পাঞ্জাব কিংসকে হারিয়ে ৮ উইকেটে জয় পেয়েছে হায়দরাবাদ

ক্রিকেট ভক্তরা আইপিএলের ১৬তম আসরের প্রথম সেঞ্চুরি দেখার অপেক্ষায় ছিলেন। তবে সেই অপেক্ষা পূরণ করতে পারেননি পাঞ্জাব কিংসের ওপেনার ও অধিনায়ক শিখর ধাওয়ান। তাকে ফিরতে হয়েছে ১ রানের আফসোস নিয়ে। আর ম্যাচ হেরে পাঞ্জাব শিবিরকে আরও একটি আফসোসে পুড়তে হয়েছে।

রোববার (৯ এপ্রিল) রাত ৮টায় আইপিএলে মুখোমুখি হয় পাঞ্জাব কিংস ও সানরাইজার্স হায়দরাবাদ। ম্যাচটিতে ৮ উইকেটের জয় পেয়েছে হায়দরাবাদ।

ম্যাচটিতে প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৩ রান করে পাঞ্জাব। জবাবে ২ উইকেট হারিয়ে ১৭ বল বাকি থাকতেই জয় তুলে নেয় হায়দরাবাদ।

হায়দরবাদের পক্ষে সর্বোচ্চ ৭৪ রান করে অপরাজিত ছিলেন রাহুল ত্রিপাঠী। তার সঙ্গে ৩৭ রান করে জয় নিয়ে মাঠ ছাড়েন অধিনায়ক এইডেন মার্করাম। দলটির ওপেনিং জুটি থেকে আসে ২৭ রান। ৩.৫ ওভারে আর্শদীপ সিংয়ের বলে আউটি হন ১৩ রান করা ওপেনার হ্যারি ব্রুক।

দলীয় ৪৫ রানে ফেরেন আরেক ওপেনার মায়াঙ্ক আগরওয়াল। তিনি করেন ২১ রান। এরপরে রাহুল-মার্করামের ৫২ বল থেকে ১০০ রানের জুটি সহজ জয় এনে দেয় সানরাইজার্স হায়দরাবাদকে।

এ দিন প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমেই ধাক্কা খায় পাঞ্জাব। শূন্য রানেই ফেরেন দলটির ওপেনার প্রভসিমরন সিং। তারপরে শুরু হয় আসা-যাওয়ার মিছিল। যে মিছিলে যোগ দিয়ে একের পর এক ব্যাটসম্যান ফেরেন হতাশার সাগরে ডুবে।

তবে স্রোতের বিপক্ষে রুখে দাঁড়ান পাঞ্জাব দলপতি শিখর ধাওয়ান। তিনি ৬৬ বল থেকে শেষ পর্যন্ত অপরাজিত থেকে ৯৯ রান করেন। তাতে ১ রানের জন্য মিস করেন এবারের আইপিএলের প্রথম সেঞ্চুরি।

দলের ব্যর্থতার দিনে দ্বিতীয় সর্বোচ্চ ২২ রান এসেছে স্যাম কারানের ব্যাট থেকে। আর কেউই ৫ রানের গণ্ডি পার করতে পারেননি। হায়দরাবাদের পক্ষে ৪ ওভার বল করে মাত্র ১৫ রান দিয়ে ৪টি উইকেট তুলে নেন লেগ ব্রেক বোলার মায়াঙ্ক মার্কন্ডে।

এনবিএস/ওডে/সি