এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ১০ এপ্রিল, ২০২৩, ০৯:০৪ পিএম
১০ দিন পর মেলানিয়াকে দেখা গেল ট্রাম্পের সঙ্গে
রোববার আকস্মিকভাবে ক্যালিফোর্নিয়ায় ট্রাম্পের অবকাশ যাপন কেন্দ্র মারে লাগোতে ইস্টারের অনুষ্ঠানে মেলানিয়াকে দেখা গেল। ইস্টার অনুষ্ঠানে যোগ দিতে তিনি বসেছিলেন ট্রাম্পের পাশে। তিনি এবং সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প একসঙ্গে প্রবেশ করেন মারে লাগোর বলরুমে। এ সময় উপস্থিতরা দাঁড়িয়ে তাদেরকে অভিবাদন জানান।
দিন কয়েক আগে ট্রাম্প যখন নিউ ইয়র্কের আদালতে মামলায় হাজিরা দিতে গেলেন, তখন তার পাশে ছিলেন না মেলানিয়া। এমনকি তিনি কোথায় আছেন তা বেশ কয়েকদিন বাইরের দুনিয়ার কেউ নিশ্চিত করে বলতেও পারেনি। অবশেষে ইস্টারের অনুষ্ঠানে লাল ফিতায় আলাদা করে রাখা একটি বিশাল টেবিলে গিয়ে বসেন ট্রাম্প দম্পতি। এই টেবিলটি অন্য অতিথিদের থেকে আলাদা রাখা ছিল। সেখানে ট্রাম্পের সঙ্গে কথা বলতে দেখা যায় মেলানিয়াকে। খেতে খেতে তারা ঘনিষ্ঠ হয়ে কথা বলতে থাকেন। মারে লাগোতে এ অনুষ্ঠানে দম্পতিরা জোড়ায় জোড়ায় উপস্থিত হন।
মেলানিয়ার পরণে ছিল সাদা পোষাক। তার কাঁধে এবং এর নীচে একটি ফুলের প্যাটার্ন হিসাবে দেখা যায়। ট্রাম্পের পরণে ছিল গাঢ় স্যুটের সাথে গোলাপী টাই। তাদের টেবিলে গোলাপী এবং কমলা টিউলিপ ছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প দম্পতির এ ছবি ভাইরাল হয়। ইস্টারের জমকালো এ অনুষ্ঠানে ঝিনুক, চিংড়ি, শ্যাম্পেন ছাড়াও লোভনীয় পদের খাবার ছিল। এছাড়াও ক্লাবের মাঠে ইস্টার বানি এবং অন্যান্য শিশুদের জন্যে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এর আগে যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি মেলানিয়া টুইট করে ‘শুভ ইস্টার’এর অভিনন্দন বার্তা জানান সবাইকে।
এনবিএস/ওডে/সি