এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ১০ এপ্রিল, ২০২৩, ০৯:০৪ পিএম
ইংলিশ লিগে সমকামিতা নিয়ে স্লোগান দেওয়ায় ৩ দর্শক গ্রেপ্তার
কাতার ফুটবল বিশ্বকাপে সমকামিদের নিষেধাজ্ঞা দিয়েছিল আয়োজক দেশটি। এরপর বিষয়টি নিয়ে কম আলোচনা-সমালোচনা হয়নি। এমনকি সমকামিদের সমর্থন জানিয়ে রেইনবো আর্ম ব্যান্ড পড়ে মাঠে নেমেছিলেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন। এবার ইংলিশ প্রিমিয়ার লিগে সমকামিতা নিয়ে স্লোগান দেওয়ায় ৩ জন দর্শককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগের উলভস ও চেলসির ম্যাচে এমন ঘটনা ঘটেছে। ঘরের মাঠে চেলসিকে ১-০ গোলে হারায় উলভস। সে ম্যাচে সমকামিতার স্লোগান দিয়েছেন দর্শকরা। ম্যাচ শেষে উভয় ক্লাব এমন ঘটনার নিন্দা জানিয়েছে। এরপর ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশ এই ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে।
এক বিবৃতিতে উলভস বলেছে, চেলসি ভক্তদের উদ্দেশে যে বৈষম্যমূলক স্লোগান দেয়া হয়েছে, তার তীব্র নিন্দা জানাচ্ছি। হোমোফোবিয়ার মতো বৈষম্যের ফুটবলে, সমাজে কোনো স্থান নেই। এমন কাজে জড়িতদের অপরাধের আওতায় আনা হবে। আমরা নিশ্চিত হয়েছি, এই ঘটনার সঙ্গে জড়িত ৩ জনকে গ্রেপ্তার করেছে ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশ।
এদিকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে চেলসি বলেছে, এই ধরনের বৈষম্যমূলক আচরণ সম্পূর্ণ অগ্রহণযোগ্য। আজ মলিনিউক্স স্টেডিয়ামে স্বাগতিক ভক্তদের এমন আচরণের আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। এরপর প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষও নিন্দা জানিয়েছে। এক বিবৃতিতে ইপিএল জানিয়েছে, উলভস ও চেলসির ম্যাচে যে সমকামী মন্ত্র শোনা গেছে তা ফুটবল কিংবা সমাজে কোনো স্থান নেই।
এনবিএস/ওডে/সি