ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

মহিলা বিশ্বকাপ শুরুর ১০০ দিন আগেই টিকিট বিক্রি সাড়ে ৬ লাখ


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১১ এপ্রিল, ২০২৩, ০৮:০৪ পিএম

মহিলা বিশ্বকাপ শুরুর ১০০ দিন আগেই টিকিট বিক্রি সাড়ে ৬ লাখ

মহিলা বিশ্বকাপ শুরুর ১০০ দিন আগেই টিকিট বিক্রি সাড়ে ৬ লাখ

মহিলা বিশ্বকাপ ফুটবল শুরুর ১০০ দিন বাকি রয়েছে। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের যৌথ আয়োজনে এই বিশ্বকাপের এ পর্যন্ত সাড়ে ৬ লাখ টিকিট ইতোমধ্যেই বিক্রি হয়েছে বলে জানিয়েছে আয়োজক কমিটি। 

ফিফা মহিলা বিশ্বকাপ ২০২৩ অর্গানাইজিং কমিটি বলেছে, যেহেতু এরই মধ্যে বিপুল সংখ্যক টিকিট বিক্রি হয়ে গেছে, তাই বিশ্বকাপ শেষ হওয়া পর্যন্ত আমরা রেকর্ড সংখ্যক ১৫ লাখ টিকিট বিক্রি করতে পারবো বলে আশা করছি।

ফিফার সাধারণ সম্পাদক ফাতমা সামুরা বলেছেন, এবারের বিশ্বকাপ আসর হবে সবচেয়ে বড় ও চমৎকার। আগামী ২০ জুলাই মহিলা বিশ্বকাপ মাঠে গড়াবে। আর ২০ আগস্টের ফাইনাল দিয়ে জমজমাট আসরটি শেষ হবে। আশা করা যাচ্ছে, সারা বিশ্বের প্রায় ২ কোটি দর্শক টেলিভিশনে মাসব্যাপী বিশ্বকাপের ম্যাচগুলো উপভোগ করতে পারবে।

২০ জুলাই উদ্বোধনী দিনে অকল্যান্ড স্টেডিয়ামে স্বাগতিক নিউজিল্যান্ড খেলবে ১৯৯৫ সালের চ্যাম্পিয়ন নরওয়ের সঙ্গে। একই দিনে অপর স্বাগতিক অস্ট্রেলিয়া সিডনি স্টেডিয়ামে খেলবে আয়ারল্যান্ড রিপাবলিকপর বিপক্ষে। 

বিশ্বকাপের উদ্বোধনী দিনে ১ লাখেরও বেশি দর্শক গ্যালারীতে উপস্থিত হবে বলে আশা করা হচ্ছে। কারণ, অকল্যান্ড স্টেডিয়াম ৫০ হাজার এবং সিডনি স্টেডিয়াম সাড়ে ৮৩ হাজার দর্শক ধারণ ক্ষমতা রয়েছে। অস্ট্রেলিয়ার ম্যাচটি প্রথমে সাড়ে ৪৫ হাজার দর্শক ধারণ ক্ষমতাসম্পন্ন সিডনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথার ছিল। কিন্তু দর্শক চাহিদা বেশি থাকায় শেষ পর্যন্ত সেটা সাড়ে ৮৩ হাজার দর্শক ধারণ ক্ষমতাসম্পন্ন সিডনির অপর স্টেডিয়ামে স্থানান্তরিত করা হয়। 

মহিলা বিশ্বকাপে এবার অনুষ্ঠিত হবে নবম আসর। ১৯৯১ সালে মহিলা বিশ্বকাপের যাত্রা হয়। চীনে সেই আসরে ১২টি দল অংশগ্রহণ করে। মার্কিন যুক্তরাষ্ট্র শিরোপা লাভ করে। এরপর যুক্তরাষ্ট্র আরো ৩ বার বিশ্বকাপের শিরোপা জেতে। 

এবারের বিশ্বকাপে খেলবে ৩২টি দেশ। ২০১৯ সালে ২৪টি দেশ অংশগ্রহণ করে। এবার সেখান থেকে ৮টি দেশ বাড়ানো হয়েছে। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের ৯ শহরের ১০টি ভেন্যুতে মোট ৬৪টি ম্যাচে অংশ নেবে দলগুলো। এবার যে ৮টি দেশ প্রথম বার বিশ্বকাপে অংশ নেবে তারা হলো; পর্তুগাল, আয়ারল্যান্ড রিপাবলিক, ভিয়েতনাম, ফিলিপাইন্স, হাইতি, পানামা, জাম্বিয়া ও মরক্কো।  

এনবিএস/ওডে/সি