এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ১২ এপ্রিল, ২০২৩, ০৭:০৪ পিএম
‘কুৎসিত জয়’ পেলেন জোকোভিচ
বিশ্বের এক নম্বর পুরুষ টেনিস তারকা সার্বিয়ার নোভাক জোকোভিচ এক মাসেরও বেশি সময় পর খেলতে নেমে অতি কষ্টের এক জয় পেয়েছেন। মন্টি কার্লো মাস্টার্স টেনিস আসরের এই জয়কে তিনি নিজেই কুৎসিত বলে অভিহিত করেন।
প্রথম রাউন্ডে বাই পাওয়া জোকোভিচ সরাসরি দ্বিতীয় রাউন্ডে কোর্টে নামেন। টানা দুই সেট জিতে নিলেও রাশিয়ার অবাছাই খেলোয়াড় ইভান গাখোভের বিপক্ষে প্রথম সেট নিজের দখলে নিতে তাকে প্রচুর ঘাম ঝরাতে হয়। জোকোভিচ অবশ্য শেষ পর্যন্ত ৭-৬ (৭-৫)০ ও ৬-২ সেটে জিতে তৃতীয় রাউন্ডে উঠতে সক্ষম হয়েছেন। তৃতীয় রাউন্ডে জোকোভিচ খেলবেন ইতালির অবাছাই লুকা নারদি ও ষোড়শ বাছাই লরেঞ্জোর মধ্যকার বিজয়ীর সঙ্গে।
ম্যাচশেষে জোকোভিচ বলেন, ‘আমি সম্ভবত আজ একটা কুৎসিত জয় পেয়েছি। আমি আমার সেরাটা খেলতে পারিনি, বিশেষ করে প্রথম সেটে আমি বাজে খেলেছি। তবে শেষ পর্যন্ত জিততে পেরে আনন্দিত হয়েছি।’
জোকোভিচ ৩ মার্চ দুবাই টেনিস চ্যাম্পিয়নশীপের সেমিফাইনালে রাশিয়ার দানিল মেদভেদেভের কাছে হেরে বিদায় নেন। সেটাই হচ্ছে, চলতি বছরে তার একমাত্র হার। এরপর মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা ওয়েলস ও মিয়ামি ওপেনে অংশগ্রহণের অনুমতি পাননি কোভিড-১৯ এর টিকা গ্রহণ না করার কারণে।
জোকোভিচ এখন পর্যন্ত ২২টি গ্রান্ড স্লাম শিরোপা জিতেছেন। টেনিস ইতিহাসের অন্যতম সেরা এই খেলোয়াড় করোনা ভাইরাসের শুরু থেকেই এর বাধ্যবাধকতা মেনে চলেন নি। ভেবেছিলেন, বিশ্বের এক নম্বর খেলোয়াড় হওয়ায় আইন হয়তো তার জন্য কিছুটা হলেও শিথিল হবে। কিন্ত, যুক্তরাষ্ট্র তার জন্য আইন কোনো প্রকার শিথিল করে নি।
গত ৮ এপ্রিল শুরু হয় এবারের মন্টি কার্লো টেনিস টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে জোকোভিচ এ ধরনের ২ বার শিরোপা জিতেছেন। তৃতীয় ট্রফি জয়ের লক্ষ্যে এবার খেলতে নেমেছেন। টুর্নামেন্ট শেষ হবে ১৬ এপ্রিল ফাইনালের মধ্য দিয়ে।
এনবিএস/ওডে/সি