এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ১৫ এপ্রিল, ২০২৩, ০৩:০৪ পিএম
পশ্চিম জাপানে নির্বাচনি সমাবেশে বিস্ফোরণ, প্রধানমন্ত্রী কিশিদা নিরাপদ
এ সময় তিনি ওয়াকায়ামা শহরের সমাবেশে ভাষণ দেওয়া শুরু করতে যাচ্ছিলেন। শনিবার সকালে এই ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে প্রধানমন্ত্রী ফুমিও কিশিদাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। বিস্ফোরণের বিকট শব্দ এবং সাদা ধোঁয়ায় পুরো এলাকা ছেয়ে যায়। জাপান টাইমস
বার্তা সংস্থা এনএইচকের প্রতিবেদনে বলা হয়েছে, তদন্ত কর্মকর্তারা অকুস্থল থেকে সিলিন্ডারের টুকরোর মতো দেখতে দুটি বস্তু উদ্ধার করেছে। সেগুলোকে বিস্ফোরক ডিভাইস মনে করা হ্েচ্ছ। একটি ডিভাইসের বিস্ফোরণ ঘটেছে। আরেকটি পুলিশ সন্দেহভাজন ২৪ বছরের তরুণ রাইয়ুজি কিমুরার কাছ থেকে উদ্ধার করেছে পুলিশ। তাকে আটক করা হয়েছে। এই বিস্ফোরণে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
ভিডিওতে দেখা যায়, লোকজন নিরাপদ আশ্রয়ের জন্য এদিক-ওদিক ছুটে বেড়াচ্ছে।
একজন প্রত্যক্ষদর্শী বিবিসিকে জানান, তারা একজন ব্যক্তিকে কিছু একটা নিক্ষেপ করতে দেখেছেন, এরপর সেখান থেকে ধোঁয়া বের হতে থাকে। পুলিশ জানিয়েছে, তারা সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করেছে, তবে এখন পর্যন্ত এই বিষয়ে আর কোনো মন্তব্য করেননি তারা। ঘটনার কিছুক্ষণ আগে প্রধানমন্ত্রী কিশিদা ওয়াকায়ামায় একটি মাছ ধরার বন্দর পরিদর্শন করেন। এরপর তিনি বক্তৃতা দিতে শুরু করলে বোমাটি ছুঁড়ে মারা হয়, সঙ্গে সঙ্গেই নিরাপত্তারক্ষীরা তাকে ঘিরে ধরে এবং সরিয়ে ফেলে।
একজন প্রত্যক্ষদর্শী জানান, বিস্ফোরণের আগেই উপস্থিত জনতা আতঙ্কে ছত্রভঙ্গ হতে শুরু করে, কারণ আগে থেকেই কেউ বলেছিল বিস্ফোরক নিক্ষেপ করা হয়েছে।
জাপানের বার্তাসংস্থা কিওডো নিউজ এজেন্সিসহ দেশটির বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে ছোড়া সেই বস্তুটি ‘স্মোক বোম্ব’ ছিল বলে ধারণা করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এ ধরনের বোমায় ব্যাপক পরিমাণে ধোঁয়া সৃষ্টি হলেও বিস্ফোরণজনিত ক্ষয়ক্ষতি হয় না।
প্রধানমন্ত্রী কিশিদার লিবারেল ডেমোক্রেটিক পার্টির সদস্য হিরোশি মোরিয়ামা বলেছেন, গণতন্ত্রের ভিত্তি গঠনকারী নির্বাচনি প্রচারণার মাঝখানে এমন কিছু ঘটেছে যা দুঃখজনক। এটি একটি ক্ষমার অযোগ্য নৃশংসতা।
জাপানের সাম্প্রতিক ইতিহাসে সহিংস আক্রমণের ঘটনা অত্যন্ত বিরল। তবে গত বছর দেশটির প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো অ্যাবেকে প্রচারণার পথে গুলি করে হত্যা করার পর রাজনীতিবিদদের চারপাশের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
এনবিএস/ওডে/সি