ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩১ আষাঢ় ১৪৩৩
Logo
logo

বেতনসহ ৩৬৫ দিনের ছুটি ‘পুরস্কার’ জিতলেন চীনাকর্মী


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৬ এপ্রিল, ২০২৩, ১২:০৪ পিএম

বেতনসহ ৩৬৫ দিনের ছুটি ‘পুরস্কার’ জিতলেন চীনাকর্মী

 বেতনসহ ৩৬৫ দিনের ছুটি ‘পুরস্কার’ জিতলেন চীনাকর্মী

 অফিসের বাৎসরিক নৈশভোজের আসরে আয়োজন করা হয়েছিল ‘লাকি ড্র’য়ের। প্রথম পুরস্কার জিতে চীনের অন্যতম ভাগ্যবানের তকমা পেয়ে গেলেন এক সাধারণ অফিসকর্মী। স্থানীয় স্ট্রেইট টাইমসে প্রকাশিত এসংক্রান্ত প্রতিবেদনে দাবি করা হয়েছে, লাকি ড্রয়ের প্রথম পুরস্কার ছিল, ৩৬৫ দিন এক টানা বেতনসহ ছুটি।

অবাক করা ঘটনাটি ঘটেছে চীনের গুয়ানদংয়ের শেনঝেন এলাকায়। এসংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হয়েছে চীনের সামাজিক মাধ্যমে। পরে তা টুইটারেও প্রকাশ পায়। সেখানে দেখা যাচ্ছে, এক ব্যক্তি হাতে একটি প্ল্যাকার্ড নিয়ে চেয়ারে বসে আছেন। তার সামনে একটি ছোট্ট মেয়ে। প্ল্যাকার্ডে ম্যান্ডারিনে লেখা, ৩৬৫ দিন বেতনসহ ছুটি!

প্রতিবেদন অনুসারে, লাকি ড্রয়ে প্রথম যখন ওই কর্মীর নাম ওঠে, নিজের চোখকে বিশ্বাস করতে পারেননি তিনি। স্বভাবে লাজুক এবং মুখচোরা ওই ব্যক্তি এরপর একাধিক সহকর্মীকে প্রশ্ন করে বেড়ান, এই পুরস্কার কি সত্যিই দেওয়া হয়েছে! শেষে অনেকে মিলে তাকে বোঝান, সত্যিই এক বছরের ছুটি পেয়েছেন তিনি, তাও আবার বেতনসহ। যদিও অধস্তন এই পুরস্কার পাওয়ায় সবার মুখে হাসি ফুটলেও তার বস যে খুশি নন, তা বলাই বাহুল্য।

গণমাধ্যমটি জানিয়েছে, গত তিন বছর করোনার কারণে ওই সংস্থা বার্ষিক নৈশাভোজ উৎসবের আয়োজন করতে পারেনি। তাই এবার মহা ধুমধাম সহকারে ‘গালা ডিনারের’ আয়োজন। সেই উৎসবেই বাজিমাত করলেন ওই কর্মী। যদিও এক বছর বেতনসহ ছুটির ক্ষেত্রে রয়েছে কিছু শর্তও। পুরস্কারে পাওয়া এক বছর অন্য কোনো কাজ করা যাবে না, যেখানে শ্রম বা বুদ্ধির বিনিময়ে মজুরি পাওয়া যায়। এমনকি কোনো রেস্তোরাঁয় খাবার পরিবেশনকারীর কাজও করা যাবে না।

এই খবর ভাইরাল হওয়ার পরই গোটা চীনের কর্মীরা প্রশ্ন তুলছে। তাদের সবার একটাই প্রশ্ন, এক বছর পর যখন এই কর্মী নিজের অফিসে ফিরবেন, তখন অন্য কাউকে দেখবেন না তো সেই চেয়ারে! কর্তৃপক্ষ অবশ্য নিশ্চিত করেছে, চাকরি যাওয়ার প্রশ্নই নেই।

এ ছাড়াও লাকি ড্রয়ের চিরকুট তোলার জন্য যে পাত্রটি ছিল, তাতে পুরস্কার এবং মজার ছলে শাস্তি—দুয়েরই ব্যবস্থা ছিল। শাস্তির মধ্যে ছিল, ওয়েটার হিসেবে সবাইকে খাবার পরিবেশন করা, কিংবা ঘরে তৈরি ‘বিশেষ’ শরবত পান করা। পুরস্কার হিসেবে কেউ কেউ দুই দিন কিংবা তিন দিনের ছুটি পেয়েছেন। তবে জ্যাকপট জিতেছেন ওই কর্মী। এক-দুই দিন নয়, একেবারে গোটা একটা বছরের ছুটি!

সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনাটি ছড়িয়ে পড়তেই হতবাক নেটিজেনরা। অনেকেই বিষয়টি বিশ্বাস করেননি। তাদের দাবি, এটি ওই কম্পানির পক্ষ থেকে করা নিছকই একটি মজা। তবে অনেকেই আবার ওই কম্পানিতে চাকরি খুঁজছেন। কোনো শূন্যপদ রয়েছে কি না, সে ব্যাপারে ইতিমধ্যে খোঁজ শুরু করে দিয়েছেন তারা।

এনবিএস/ওডে/সি