ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩১ আষাঢ় ১৪৩৩
Logo
logo

কয়েদীকে জীবন্ত খেয়ে ফেলল ছারপোকা ও পোকামাকড়


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৬ এপ্রিল, ২০২৩, ০৮:০৪ পিএম

কয়েদীকে জীবন্ত খেয়ে ফেলল ছারপোকা ও পোকামাকড়

 কয়েদীকে জীবন্ত খেয়ে ফেলল ছারপোকা ও পোকামাকড়

মানসিক রোগে আক্রান্ত ৩৫ বছর বয়সী লাশন থম্পসন নামের এক ব্যাক্তি এক পথচারীকে চড় মারায় তাকে এক বছরের কারাদণ্ড দেয় যুক্তরাষ্ট্রের আদালত। এরপর তাকে আটলান্টার একটি জেলখানায় বন্দী করে রাখা হয়। যেখানে পোকামাকড় ও ছারপোকা তাকে জীবন্ত খেয়ে ফেলেছে বলে অভিযোগ উঠেছে।

তার এমন মৃত্যুতে কারাগারটির কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মৃত থম্পসনের পক্ষে মামলাটি করেন আইনজীবী অ্যাটর্নি মাইকেল ডি হার্পার। তিনি জানান, থম্পসন মানসিকভাবে অসুস্থ ছিলেন। তাই তাকে জেল কর্মকর্তারা ফুলটন কাউন্টি জেলের মনোরোগ বিশেষজ্ঞ শাখায় পাঠিয়ে দেয়।

থম্পসনের একটি ছবিও প্রকাশ করেছেন এই আইনজীবী। যেখানে থম্পসনের শরীরকে পোকামাকড় দিয়ে সম্পূর্ণ ঘিরে থাকতে দেখা যায়। এ বিষয়ে হার্পার বলেছেন, থম্পসনকে একটি নোংরা কারাগারে জীবন্ত অবস্থায় পোকামাকড় এবং ছারপোকা দ্বারা খেয়ে ফেলার পর মৃত অবস্থায় পাওয়া গিয়েছে। থম্পসনকে যে জেলখানায় রাখা হয়েছিল তা একদমই থাকার উপযুক্ত ছিল না। জেলের রেকর্ডে দেখা যায় কর্মকর্তা এবং চিকিৎসা কর্মীরা থম্পসনের অবস্থা খারাপ হতে দেখেও কোন ব্যবস্থা নেয়নি।

কারাগারের দেয়া মেডিকেল রিপোর্ট অবশ্য ভিন্ন কথা বলছে। ফুলটন কাউন্টি মেডিকেল পরীক্ষার রিপোর্ট অনুসারে, থম্পসনকে গত ১৯ সেপ্টেম্বর তার জেল কক্ষে অচেতন অবস্থায় পাওয়া যায়। রিপোর্টে বলা হয়েছে, তার কক্ষে পোকামাকড়ের উপদ্রব ছিল তবে থম্পসনের শরীরে আঘাতের কোনও লক্ষণ নেই। তদন্ত প্রতিবেদনে মৃত্যুর কারণ অনির্ধারিত হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।

তবে এ রিপোর্টকে মিথ্যা ও বিভ্রান্তকর বলে দাবি করেছেন থম্পসনের পক্ষের আইনজীবী অ্যাটর্নি মাইকেল ডি হার্পার।

এনবিএস/ওডে/সি