এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ১৬ এপ্রিল, ২০২৩, ০৮:০৪ পিএম
ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট আয়োজন করবে জিম্বাবুয়ে
অ্যান্ডি ও গ্র্যান্ট ফ্লাওয়ার, অ্যালিস্টার ক্যাম্পবেল, গাই ও অ্যান্ডি হুইটাল, হিথ স্ট্রিক, পল স্ট্র্যাংদের সোনালি প্রজন্ম চলে যাওয়ার পর থেকেই পতনের শুরু হয়েছিলো জিম্বাবুয়ে ক্রিকেটের। গত দুই দশকে দলটা অনেক খারাপ সময় পার করেছে। তবে গেল কয়েক বছর থেকে সিকান্দার রাজাদের হাত ধরে নতুন রূপ নিয়েছে জিম্বাবুয়ে। গতবছর জুনে দেশটির প্রথম টেস্ট অধিনায়ক ডেভ হটন কোচ হয়ে ফেরার পরই পাল্টে গেছে দলের চেহারা। এবার বিশ্ব ক্রিকেটে জিম্বাবুয়েকে তুলে ধরতে বহুল প্রতীক্ষিত ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টেন লিগের আয়োজন করতে যাচ্ছে জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি)।
বিশ্বের ক্রিকেট তারকারা জিম্বাবুয়েতে খেলছেন, এমনটাই চেয়েছিল দেশটির ক্রিকেট বোর্ড। যার অংশ হিসেনে চলতি বছরের আগস্টে এই টুর্নামেন্ট শুরু হচ্ছে। টি-টেন গ্লোবাল স্পোর্টসের সহযোগিতায় এটি আয়োজন করবে জেডসি।
ছয়টি ব্যক্তিগত মালিকানাধীন দল নিয়ে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টের নাম জিম আফ্রো টি-টেন। অংশগ্রহণকারী ফ্র্যাঞ্চাইজি, খেলোয়াড় নিলামের তারিখ, সূচি ও অন্য বিস্তারিত বিষয়ে কিছু জানা না গেলেও শিগগিরই জানিয়ে দেওয়া হবে।
জেডসি চেয়ারম্যান তাভেঙ্গভা মুকুলানি বলেছেন, এই লিগ ভক্তদের দারুণভাবে বিনোদিত করবে। খেলোয়াড়দের জন্য শীর্ষ পর্যায়ের প্রতিদ্বন্দ্বিতা হবে এবং বিনিয়োগকারীদের বড় ধরনের মুনাফা হবে।
তিনি বলেন, আমাদের নিজস্ব ফ্র্যাঞ্জাইজিভিত্তিক টি-টেন লিগের উন্মোচন করতে পেরে আমরা রোমাঞ্চিত, একটি শক্তিশালী ফরম্যাট। আমরা বিশ্বাস করি আমাদের দ্রুতগতিতে পাল্টে যাওয়া বিশ্বে ঠিক এখন এটাই দরকার। আমরা আত্মবিশ্বাসী যে জিম আফ্রো টি-টেন লিগ বিশ্বের ভক্তদের রোমাঞ্চিত করবে, এর বাণিজ্যিক অংশীদারের জন্য বড় অর্জন হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমাদের ক্রিকেটের অগ্রগতি হবে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য ইতিবাচক রোডম্যাপ তৈরি হবে।
এনবিএস/ওডে/সি