এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ১৭ এপ্রিল, ২০২৩, ০৪:০৪ পিএম
মস্কোয় পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনের প্রতিরক্ষামন্ত্রী
চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের তিনদিনের মস্কো সফরের কম সময়ের মধ্যে রোববার দেশটির প্রতিরক্ষামন্ত্রী লি শাংফু রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করলেন। এ সময় দুই দেশই সামরিক সহযোগিতা সম্পর্ককে স্বাগত জানিয়েছে।
ভিডিও ফুটেজে দেখা যায় লি এবং পুতিন করমর্দন করে একটি টেবিলে বসেছেনে। এসময় রুশ প্রতিরক্ষামন্ত্রী সার্গেই সইগুও উপস্থিত ছিলেন। পুতিন বৈঠকের উদ্বোধনী মন্তব্যে বলেন, ‘আমরা আমাদের সামরিক বিভাগের মাধ্যমে সক্রিয়ভাবে কাজ করছি, নিয়মিত দরকারি তথ্য আদান-প্রদান করছি, সামরিক-প্রযুক্তিগত সহযোগিতার ক্ষেত্রে একসঙ্গে কাজ করছি এবং যৌথ মহড়া করছি।
তিনি বলেন, এই মহড়া হয়েছে ফার ইস্টে এবং ইউরোপ অংশে। এর মধ্যে জল, স্থল এবং বিমান মহড়াও রয়েছে। রুশ প্রেসিডেন্ট বলেন, ‘নিঃসন্দেহে, এটি আরেকটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র যা আমাদের সম্পর্কের জন্য অত্যন্ত বিশ্বস্ত, কৌশলগত প্রকৃতিকে শক্তিশালী করে।’
চীন এবং রাশিয়া আগেই সীমাহীন অংশীদারিত্বের কথা ঘোষণা করেছে। দু’দেশ রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামরিক সম্পর্ক আরো জোরদার করছে। মস্কো ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে কয়েক হাজার সেনা প্রেরণ করেছে। এ সময়ে চীনের সঙ্গে রাশিয়ার সামরিক সম্পর্ক জোরদার করা একটি তাৎপর্যপূর্ণ বিষয়।
ইউক্রেনে রুশ হামলার সমালোচনা করতে অস্বীকার করেছে চীন। উল্টো মস্কোকে উস্কানি দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র ও ন্যাটোকে দায়ি করেছে। তবে ইউক্রেনের যুদ্ধ নিয়ে চীন বরাবরই নিরপেক্ষ থাকার চেষ্টা করেছে। ওয়াশিংটন অভিযোগ করে বলেছে, চীন অস্ত্র দিয়ে রাশিয়াকে সহায়তা করছে। কিন্তু চীন সেটা অস্বীকার করেছে।
প্রতিরক্ষামন্ত্রী হিসেবে গত মাসে নিয়োগ পাওয়ার পর এটাই লি’র প্রথম সফর এবং তার মস্কো সফর শেষ হবে ১৯ এপ্রিল।
এনবিএস/ওডে/সি