এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ১৭ এপ্রিল, ২০২৩, ০৪:০৪ পিএম
ইন্দোনেশিয়ায় বিদ্রোহীদের হাতে ৬ সেনা নিহত, নিখোঁজ ৩০
সেনাবাহিনী ও বিদ্রোহীদের সূত্র এই তথ্য জানিয়েছে। দেশটির অশান্ত পাপুয়া প্রদেশে একটি সামরিক চৌকিতে বিচ্ছিন্নতাবাদী বন্দুকধারীরা হামলা চালালে নিহতের ঘটনা ঘটে। এতে আরও কয়েক ডজন নিখোঁজ রয়েছে।
ফ্রি পাপুয়া ম্যুভমেন্টের সামরিক শাখা ওয়েস্ট পাপুয়া লিবারেশন আর্মি শনিবার পাহাড়ি জেলা নাদুগায় এই হামলা চালানো হয়। স্থানটি বিচ্ছিন্নতাবাদীদের শক্ত ঘাঁটি। খনিজ সমৃদ্ধ এই অঞ্চলটিতে ১৯৬০ সাল থেকে যুদ্ধ করছে বিচ্ছিন্নতাবাদীরা।
গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, নিউজিল্যান্ডের এক বৈমানিককে ফেব্রুয়ারি মাসে অপহরণ করে নিয়ে যায় ইন্দোনেশিয়ার পাপুয়ার বিচ্ছিন্নতাবাদীরা। সেই বৈমানিককে উদ্ধারে সেনা মোতায়েন করেছিল ইন্দোনেশিয়ার সেনাবাহিনী। হামলাটি তাদের উপরই হয়েছে।
ইন্দোনেশিয়ার সেনাবাহিনী প্রাথমিক এক প্রতিবেদনে জানিয়েছে, পাপুয়ার পার্বত্য জেলা এনদুগার একটি সেনা চৌকিতে ৩৬ জন সেনাসদস্যকে মোতায়েন করা হয়েছিল। সেখানে ফ্রি পাপুয়া মুভমেন্টের সশস্ত্র শাখা ওয়েস্ট পাপুয়া লিবারেশন আর্মির সদস্যরা হামলা চালায়।
গণমাধ্যমকর্মীদের দেয়া তথ্যানুসারে, এই হামলায় ৬ সেনাসদস্য নিহত হওয়া ছাড়াও জঙ্গলে পালিয়ে গেছে অন্তত ২১ জন এবং বাকি ৯ জনকে বিদ্রোহীরা জিম্মি করে নিয়ে গেছে। তবে সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল হারমান তারিয়ামান মাত্র ১ জন নিহত হওয়ার বিষয়টি স্বীকার করেছেন।
তিনি জানিয়েছেন, ওই চৌকির সৈন্যরা অপহৃত নিউজিল্যান্ডের পাইলট ফিলিপ মার্ক মার্টেনসের তল্লাশি দলের সদস্য ছিল। ইন্দোনেশীয় এভিয়েশন কোম্পানি সুসি এয়ারের হয়ে কাজ করতেন মার্ক। সেখান থেকেই ফেব্রুয়ারি মাসে তাকে অপহরণ করে নিয়ে যায় বিদ্রোহীরা।
কর্নেল তারিয়ামান জানিয়েছেন, কর্তৃপক্ষ নিখোঁজ ৩০ জন সৈন্যের সন্ধানে তল্লাশি চালিয়ে যাচ্ছে।
এনবিএস/ওডে/সি