এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ১৭ এপ্রিল, ২০২৩, ০৪:০৪ পিএম
উড়তে থাকা বার্সেলোনাকে থামালো গেতাফে
লা লিগায় চলতি মৌসুমে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের থেকে যোজন যোজন এগিয়ে বার্সেলোনা। শিরোপা ঘরের তোলার আপেক্ষায় ক্লাবটি। তবে গেল কয়েক ম্যাচে সুবিধা করতে পারেনি জাভিসেনারা। রোববার গেতাফের মাঠে লা লিগার ম্যাচে স্বাগতিকদের সঙ্গে গোলশূন্য ড্র করেছে বার্সেলোনা।
আগের রাউন্ডেই জিরোনার বিপক্ষে গোলশূন্য ড্র করেছিল দলটি। এর আগে কোপা দেল রে'র ম্যাচে রিয়াল মাদ্রিদের বিপক্ষে চার গোল হজম করেছিলো কাতালানরা।
তবে পয়েন্ট হারালেও এখনও লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষেই রয়েছে বার্সেলোনা। ২৯ ম্যাচে ২৩ জয় ও চার ড্রয়ে ৭৩ পয়েন্ট তাদের। ৬২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছে রিয়াল মাদ্রিদ।
বার্সা থেকে গেতাফেতে ৫০৬ কিলোমিটার রেলভ্রমণ করে দলটি। আর এই সিদ্ধান্তের ফল ভালো হয়নি। ধকল সামলে ঘুরে দাঁড়াতে পারেনি কাতালান জায়ান্টরা।
২৫তম মিনিটে গোলের দারুণ সুযোগ পেয়েছিল বার্সা। ভাগ্য অবশ্য সহায় ছিল না তাদের। রবার্ট লেভানদোস্কির কাছ থেকে বল পেয়ে রাফিনহার নেওয়া শট বারপোস্টে লেগে ফিরে আসে। ফিরতি বলে আলেহান্দ্রো বাল্দের শটও পোস্টে লাগে। প্রথমার্ধের যোগ করা সময়ে লেভানদোস্কির হেড ঝাঁপিয়ে রক্ষা করেন গেতাফে গোলরক্ষক দাভিদ সোরিয়া। ৭৫তম মিনিটে রাফিনহার দূরপাল্লার শট কর্নারের বিনিময়ে ঠেকান সোরিয়া।
তবে ম্যাচে ৬৬ শতাংশ বল ছিল বার্সার নিয়ন্ত্রণে। তবে আক্রমণ জমেনি। আট শটের মাত্র চারটি ছিল লক্ষ্যে। অন্যদিকে তিন শট নিয়ে একটি লক্ষ্যে রাখে গেতাফে।
এনবিএস/ওডে/সি