ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩১ আষাঢ় ১৪৩৩
Logo
logo

সৌদি আরব যাচ্ছেন হামাস প্রধান হানিয়া


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৮ এপ্রিল, ২০২৩, ১১:০৪ এএম

সৌদি আরব যাচ্ছেন হামাস প্রধান হানিয়া

 সৌদি আরব যাচ্ছেন হামাস প্রধান হানিয়া

এক দশকেরও বেশি সময় পরে প্রথমবার সৌদি আরব সফরে যাচ্ছেন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া। নাম প্রকাশে অনিচ্ছুক একটি ফিলিস্তিনি সূত্রে এই খবর পাওয়া গেছে।

সূত্রটি তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সিকে জানিয়েছে, ১৭ এপ্রিল, সোমবার ইসমাইল হানিয়া সৌদি আরব যাবেন। এ সময় তিনি ফিলিস্তিনি একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।

এদিকে সৌদি কর্তৃপক্ষ এই সফরের বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি। প্রতিনিধি দলটি ফিলিস্তিনসহ আঞ্চলিক ইস্যুগুলোর পাশাপাশি হামাস এবং সৌদি আরবের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে সৌদি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবে বলে আশা করা হচ্ছে।

সূত্রটি জানিয়েছে, সৌদি আরবে আটক ফিলিস্তিনিদের বিষয়টি দুই পক্ষের আলোচ্যসূচির শীর্ষে থাকবে। ২০২১ সালের আগস্টে একটি সৌদি আদালত হামাসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৬৯ জন ফিলিস্তিনি এবং জর্ডানের নাগরিককে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছিল। অবশ্য সাম্প্রতিক মাসগুলোতে হামাসের প্রতিনিধি মোহাম্মদ আল খুদারিসহ বেশিরভাগ বন্দীকে মুক্তি দেওয়া হয়েছে।

এদিকে কয়েক বছরের উত্তেজনার পর সৌদি আরব ও হামাসের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক পুনরুদ্ধারের ক্ষেত্রে এই সফরটি প্রথম গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর আগে ২০১৫ সালে তৎকালীন হামাস প্রধান খালেদ মেশাল সৌদি সফর করেছিলেন। সে সময় তিনি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ এবং ঊর্ধ্বতন সৌদি কর্মকর্তাদের সঙ্গে দেখা করেছিলেন।

এনবিএস/ওডে/সি