এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ১৮ এপ্রিল, ২০২৩, ০২:০৪ পিএম
ইরানের ক্ষমতাচ্যুত শাহের নির্বাসিত পুত্র ইসরায়েল যাচ্ছেন
১৯৭৯ সালের ইসলামি বিপ্লবে ক্ষমতাচ্যুত ইরানের শাহ মোহাম্মদ রেজা পাহলভির নির্বাসিত ছেলে রেজা পাহলভি চলতি সপ্তাহে ইসরায়েল সফর করবেন। ইসরায়েলি সরকার এ তথ্য জানিয়েছে। তারা রেজা পাহলভিকে ইসরায়েল সফর করতে যাওয়া ‘সবচেয়ে জ্যেষ্ঠ ইরানি ব্যক্তিত্ব’ বলে অভিহিত করেছে।
যুক্তরাষ্ট্র-সমর্থিত শাসক শাহ মোহাম্মদ রেজা পাহলভির আমলে ইরান ও ইসরায়েলের মধ্যে উষ্ণ সম্পর্ক ছিল। পরে তারা শত্রুতে পরিণত হয়। ইসরায়েলের বিবৃতিতে বলা হয়, রেজা পাহলভির এই সফরের উদ্দেশ্য ‘ইসরায়েল ও ইরানের জনগণের মধ্যে সেতুবন্ধন তৈরি করা এবং আয়াতুল্লাহ সরকারের বিরুদ্ধে যৌথ বিরোধিতা প্রকাশ করা।’ এর আগে ইসরায়েল দীর্ঘদিন ধরে ইরানের বর্তমান শাসকের পরিবর্তন চেয়ে আসছে। একই সঙ্গে রেজা পাহলভি প্রবাসী ইরানিদের নিয়ে একই লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।
ইসরায়েলি বিবৃতিতে রেজা পাহলভির উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, ‘ইসরায়েল ও আমাদের আরব প্রতিবেশীদের সঙ্গে একটি গণতান্ত্রিক ইরান তার সম্পর্ক পুনরুদ্ধার করতে চাইবে। আমার মতে, সেই দিন আগের চেয়ে কাছাকাছি।’ এর আগে ইরানের ইসলামি শাসনের বিরুদ্ধে বিক্ষোভকে নারীদের যুগান্তকারী বিপ্লব বলে অভিহিত করেন রেজা পাহলভি। এছাড়া টুইটে বলেছেন, তিনি ইরানের জনগণের বন্ধুত্বের বার্তা দিতে ইসরায়েল সফরে যাচ্ছেন।
এনবিএস/ওডে/সি